32 C
Kolkata
Monday, September 7, 2026
spot_img

দুর্গাপুজোয় এ বার কত অনুদান? সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বড় সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী

Aaj lndia Desk, কলকাতা: শারদোৎসবের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। তবে পুজোর আয়োজন যত এগোচ্ছে, ততই বাড়ছে একটি প্রশ্ন এ বছর পুজো কমিটিগুলিকে সরকার কত টাকা অনুদান দেবে? গত বছরের মতোই আর্থিক সাহায্য মিলবে, নাকি নতুন কোনও সিদ্ধান্ত নেবে নতুন সরকার? আপাতত সেই উত্তর অধরাই।

১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান কি থাকছে?

গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়া হয়েছিল। পাশাপাশি পুজো কমিটিগুলির জন্য বিদ্যুতের মাশুলেও ছাড়ের ব্যবস্থা ছিল। এর বাইরে পুজোর সময়ে প্রশাসনিক এবং আর্থিক ক্ষেত্রেও একাধিক সুবিধা পেতেন উদ্যোক্তারা। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই একই ব্যবস্থা বজায় থাকবে কি না, তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

সোমবার মিলনমেলা প্রাঙ্গণে বৈঠক

এই পরিস্থিতির মধ্যেই সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেল ৪টেয় মিলনমেলা প্রাঙ্গণে এই বৈঠক হওয়ার কথা। ফলে এই বৈঠক থেকেই চলতি বছরের দুর্গাপুজো ঘিরে সরকারের পরিকল্পনা স্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুদানের অঙ্ক অপরিবর্তিত থাকবে কি না, বাড়ানো বা কমানোর কোনও সিদ্ধান্ত হবে কি না, বিদ্যুতের মাশুলে ছাড় দেওয়া হবে কি না একাধিক বিষয়েই নজর রয়েছে পুজো কমিটিগুলির।

কী জানাল ফোরাম ফর দুর্গোৎসব?

ফোরাম ফর দুর্গোৎসবের সভাপতি এবং বেহালা নূতন দলের পুজো কমিটির অন্যতম শীর্ষকর্তা সন্দীপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বৈঠকে মূলত এ বছরের শারদোৎসব নিয়ে সরকারের পরিকল্পনা এবং পুজো কমিটিগুলির সঙ্গে প্রশাসনের সমন্বয় নিয়ে আলোচনা হতে পারে। সরকার পুজো কমিটিগুলির কাছ থেকে কী ধরনের সহযোগিতা চায়, সেই বিষয়টিও উঠে আসতে পারে আলোচনায়।

সন্দীপনের বক্তব্য অনুযায়ী, প্রায় তিন সপ্তাহ আগে তিনি এবং ফোরাম ফর দুর্গোৎসবের সম্পাদক অঞ্জন উকিল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন। সেখানে পুজো সংক্রান্ত একাধিক বিষয় তাঁর নজরে আনা হয়। এর মধ্যে কিছু বিষয় পুরসভার সঙ্গে এবং কিছু বিদ্যুৎ দফতরের সঙ্গে সম্পর্কিত। সেই সময়ই সেপ্টেম্বরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

তাই সোমবারের বৈঠক ঘিরে প্রত্যাশা যথেষ্ট। অনুদান থেকে বিদ্যুৎ ছাড় দুর্গাপুজো আয়োজনের ক্ষেত্রে এ বছর সরকারের অবস্থান ঠিক কী, বৈঠকের পর তার অনেকটাই পরিষ্কার হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন