Aaj India Desk, কলকাতা : রাজ্যে ডেঙ্গু (Dengue West Bengal) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজার। ডেঙ্গুর মারাত্মক পরিস্থিতি পর্যালোচনার পর রাজ্যজুড়ে তিন দিনের ‘স্বচ্ছতা সংকল্প অভিযান’ ঘোষণা করে পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর। ১২৮টি পুরসভা এবং ২২টি জেলার ১,৬০০-র বেশি ওয়ার্ডে চলা এই অভিযানে ৬,০৬৫টি জমে থাকা নালা পরিষ্কার করা হয়েছে। পাশাপাশি ২৭,৩৭৮টি সম্ভাব্য মশার প্রজননস্থল পরিষ্কার ও স্প্রে করে লার্ভা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজ্য সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, তিন দিনের অভিযানে ৬,০৬৫টি বন্ধ বা আবর্জনায় আটকে থাকা নালা পরিষ্কার ও পলি অপসারণ করা হয়েছে। ১,৬০৮টি জমে থাকা আবর্জনার জায়গা এবং রাস্তার ধারের ৪,৫১১টি ডাম্পিং পয়েন্টও পরিষ্কার করা হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে সেগুলি পরিষ্কার ও স্প্রে করার উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
২৭ হাজারের বেশি প্রজননস্থলে অভিযান
সরকারি হিসাব অনুযায়ী, ২৭,৩৭৮টি সম্ভাব্য মশার প্রজননস্থলে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংসের কাজ হয়েছে। বর্ষার জল জমে যাতে নতুন করে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হয়েছে। অভিযানের আওতায় এসেছে জনসমাগম বেশি এমন এলাকাও। ১,১০৬টি বাজার, ১,৩০৪টি শিক্ষা প্রতিষ্ঠান, ৫৪৪টি সরকারি দফতর এবং ৩১৫টি স্বাস্থ্যকেন্দ্র চত্বর বিশেষভাবে পরিষ্কার করা হয়েছে।(Dengue West Bengal)
প্রচারে ৩৫ হাজারের বেশি IEC সামগ্রী
ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ৩৫ হাজারের বেশি IEC বা তথ্য, শিক্ষা ও সচেতনতা-সংক্রান্ত সামগ্রী বিতরণ করা হয়েছে। অভিযানে হাত মিলিয়েছে ১১৮টি স্বেচ্ছাসেবী সংস্থা ও সামাজিক সংগঠনও।
এখনও নজরে পাঁচ জেলা
ডেঙ্গুর (Dengue West Bengal) প্রকোপ গত বছরের তুলনায় বর্তমানে কম হলেও পরিস্থিতি পুরোপুরি উদ্বেগমুক্ত নয়। ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪,০০০-এর কিছু বেশি। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৭,৬০০-র বেশি। সাম্প্রতিক সংক্রমণের প্রবণতার ভিত্তিতে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ এই পাঁচ জেলায় বিশেষ নজরদারির প্রয়োজন বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা।
এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধকে শুধু পুরসভা বা প্রশাসনের দায়িত্ব হিসেবে না দেখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “আমাদের চারপাশ পরিষ্কার রাখার জন্য সম্মিলিতভাবে সংকল্প নেওয়া উচিত। এই পরিচ্ছন্নতা অভিযানকে নিজেদের সুস্থতা এবং পরিবেশ পরিষ্কার রাখার গণআন্দোলনে পরিণত করুন।” তিনি আরও বলেন, ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যেকেই অংশীদার। আবর্জনামুক্ত পশ্চিমবঙ্গ এবং ডেঙ্গুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বানও জানান তিনি।


