Aaj India Desk, কলকাতা: রাজ্যের স্কুলপড়ুয়াদের জন্য ‘ওয়ান স্টুডেন্ট আইডি’(APAAR ID) তৈরির কাজ দ্রুত শেষ করতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন (PBSSM)। এই কাজ কীভাবে দ্রুত ও সঠিকভাবে করা হবে, তা নিয়ে জেলা শিক্ষা আধিকারিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
তবে APAAR ID তৈরির ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, অভিভাবকের লিখিত অনুমতি ছাড়া কোনও পড়ুয়ার APAAR ID তৈরি করা যাবে না। সেই কারণে প্রয়োজন অনুযায়ী ‘পেরেন্টাল কনসেন্ট ফর্ম’ ছাপিয়ে প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়ার দায়িত্ব জেলা শিক্ষা আধিকারিকদের দেওয়া হয়েছে।
এই কর্মসূচির প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই দুই দিনের একটি প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সেখানে প্রতিটি জেলা থেকে একজন নোডাল শিক্ষক এবং একজন MIS কো-অর্ডিনেটরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে জেলার অন্যান্য স্কুলের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মীদের প্রশিক্ষণ দেওয়া এবং গোটা প্রক্রিয়াটি ঠিকভাবে পরিচালনার দায়িত্ব থাকবে তাঁদের উপর। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের চূড়ান্ত নির্দেশিকা অনুমোদিত হলেই তা সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হবে। তার ভিত্তিতেই পরবর্তী কাজ এগোবে।
প্রথম পর্যায়ে প্রতিটি জেলা থেকে অন্তত দুটি স্কুল বেছে নিয়ে পরীক্ষামূলকভাবে APAAR ID তৈরির কাজ শুরু হবে। সেখানে দু’টি আলাদা শ্রেণির পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের নিয়ে ক্যাম্প করা হবে। এই পর্যায়ে অন্তত ৬০ জন পড়ুয়াকে এনরোল করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
সোমবার থেকেই সার্কেলভিত্তিক ক্যাম্প শুরু করার কথা। নির্বাচিত দুটি স্কুলে নোডাল শিক্ষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্রতিদিন অন্তত ৫০ জন পড়ুয়ার নাম নথিভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে। এরপর আগামী ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত স্কুলে একসঙ্গে APAAR ID তৈরির প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো কাজের অগ্রগতি যাতে নিয়মিত নজরে থাকে, তার জন্য প্রতিদিনের তথ্য অনলাইনে পর্যবেক্ষণ করবেন জেলা শিক্ষা আধিকারিকরা।
স্কুলগুলিতে তৈরি হওয়া পড়ুয়াদের প্রাথমিক তালিকা প্রথমে সার্কেল স্তরে যাবে। সেখান থেকে তা পৌঁছবে জেলা শিক্ষা দফতরে। অর্থাৎ, পড়ুয়াদের APAAR ID তৈরির পুরো প্রক্রিয়াটিই নির্দিষ্ট ধাপ মেনে এবং নজরদারির মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে রাজ্য।


