Aaj India Desk, বীরভূম: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থা ও ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেফতার বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সহ-সভাপতি অরূপ মণ্ডল (BJP Leader Arup Mondal)। অভিযোগ, তাঁর বাড়িতে কাজ করা ১৬ বছরের এক নাবালিকাকে গত ৩০ আগস্ট ফাঁকা বাড়িতে ধর্ষণের চেষ্টা করা হয়। ঘটনার একটি ভিডিও-সহ নাবালিকার পরিবারের তরফে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে ৩ সেপ্টেম্বর আহমেদপুরের বাড়ি থেকে অরূপ মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ।
ফাঁকা বাড়িতে কী ঘটেছিল?
অভিযোগ অনুযায়ী, গত ৩০ আগস্ট অরূপ মণ্ডলের (BJP Leader Arup Mondal) বাড়িতে কাজ করতে গিয়েছিল ওই নাবালিকা পরিচারিকা। সেই সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে তাঁর সঙ্গে যৌন হেনস্থা এবং ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর বিষয়টি পরিবারের সদস্যদের জানায় নাবালিকা।
ভিডিও ঘিরে চাঞ্চল্য
অভিযোগের পাশাপাশি ঘটনার একটি ভিডিও রয়েছে বলেও দাবি করা হয়েছে। সেই ভিডিও-সহ থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। বিষয়টি প্রকাশ্যে আসার পরই তদন্তে নামে সাঁইথিয়া থানার পুলিশ। তদন্তের পর আহমেদপুরের বাড়ি থেকে বিজেপি নেতা অরূপ মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নাবালিকার অভিযোগের ভিত্তিতে POCSO আইনে মামলা দায়ের হয়েছে।
গ্রেফতারের পর ৪ সেপ্টেম্বর অরূপ মণ্ডলকে (BJP Leader Arup Mondal) আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর তাঁকে ফের POCSO আদালতে পেশ করার কথা।
‘তিন দিন আগেই সাসপেন্ডের সুপারিশ’
ঘটনা প্রকাশ্যে আসার পর অরূপ মণ্ডলের বিরুদ্ধে দলীয় পদক্ষেপের বিষয়টিও সামনে এসেছে। জেলা বিজেপি নেতৃত্বের দাবি, দলবিরোধী কাজের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রায় তিন দিন আগেই সাসপেন্ড করার সুপারিশ এসেছিল। দলের দাবি, শুক্রবারই তাঁকে সাসপেন্ড করার কথা ছিল। পরবর্তী সময়ে তাঁকে দল থেকে সাসপেন্ড বা বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
দেশ জুড়ে বিজেপির ‘বেটি পড়াও, বেটি বাঁচাও’ এর স্লোগানের মধ্যেই বিজেপি যুব মোর্চার নেতার বিরুদ্ধে বেটি নির্যাতনের অভিযোগ ওঠায় রীতিমত কটাক্ষ শুরু করেছে বিরোধী দলগুলিও। যদিও অরূপ মণ্ডলের পক্ষ থেকে গোটা ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলেই দাবি করা হয়েছে।


