Aaj India Desk, কলকাতা : শুক্রবার টিএমসিপি প্রতিষ্ঠা দিবসে ক্যাথিড্রাল রোডের অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘গোটা লাইব্রেরি করে দিতে পারি’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। তাঁর বক্তব্যের পরেই পাল্টা তাঁকে আক্রমণ করেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার (Debjit Sarkar)। তিনি সাংবাদিক বৈঠক থেকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তাঁর বই, ছবি ও গান নিয়েও মন্তব্য করেন।
কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়?
শুক্রবার বিধানসভার গ্রন্থাগার থেকে তাঁর নামে ইস্যু হওয়া ১৯টি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বই ফেরত না দেওয়ার অভিযোগ ঘিরে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাথিড্রাল রোডের সভা থেকে তিনি বলেন, “মিথ্যে অভিযোগ করবেন না। আপনাদের কাছে প্রমাণ আছে? আমার এত দুঃসময় আসেনি যে আমি বই চুরি করবো। আমি নিজে বই লিখি। চাইলে একটা গোটা লাইব্রেরি করে দিতে পারি।”
পাল্টা কটাক্ষ বিজেপির মুখপাত্রের
সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার (Debjit Sarkar) বলেন, “ওদের এখন অনেক সময়। ওনার এখন আর কোনও কাজ নেই। আজেবাজে কথা বলেই যাচ্ছেন। কেউ পাত্তাও দিচ্ছে না।” এরপরই মমতার সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা এবং তাঁর প্রকাশিত বই ও অন্যান্য সৃষ্টিকর্ম নিয়ে কটাক্ষ করেন বিজেপির এই নেতা। বস্তুত মমতার ‘আমি নিজে লিখি’ বক্তব্যের প্রেক্ষিতেই কটাক্ষ করেন তিনি। তাঁর কথায়, “ঘরে বসে সোশ্যাল সাইটে বিজ্ঞাপন দেওয়ার মতো করে উনি বক্তব্য রাখেন। রিলস বানাচ্ছেন। সময় আছে। রিলস লোকে দেখুক। আপনারাও দেখুন। পয়সা ওর ঘরে পৌঁছুক। এটায় তো মুশকিল। ‘এপাং ওপাং ঝপাং’ (বই) বিক্রি হচ্ছে না। ছবি আর কেউ কিনতে আসছে না। গান কেউ শুনতে চাইছে না। আপনারা একটু মানবিক হোন। কিন্তু তাতে আমাদের প্রশ্ন করার কি আছে! ”
তবে এই অভিযোগ পাল্টা অভিযোগে বই ফেরত দেওয়ার বিতর্ক নিয়ে ইতিমধ্যেই রাজনীতি বেশ জমে উঠেছে। মমতার ‘গোটা লাইব্রেরি’ বানিয়ে দেওয়ার জবাব এসেছে বিজেপির ‘এপাং ওপাং ঝপাং’ কটাক্ষে। এখন প্রশ্ন, বিতর্কের এই বইয়ে শেষ পর্যন্ত কে ‘শেষের কবিতা’ লিখবেন, মমতা, নাকি বিজেপি?


