Aaj India Desk, নয়া দিল্লি: তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত পরিস্থিতি। ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর বেড়ে যাওয়ার জেরে বন্যায় এখনও পর্যন্ত ৩৮৪ জন পর্যটক ও যাত্রীর খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১০৫ জন ভারতীয় বলে জানিয়েছে নেপাল ট্যুরিজম বোর্ড। এই পরিস্থিতিতে নেপালে আটকে পড়া বা নিখোঁজ ভারতীয়দের সাহায্যের জন্য জরুরি নম্বর (Helpline Number) চালু করেছে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাস।
১০৫ ভারতীয়ের খোঁজ নেই
নেপাল ট্যুরিজম বোর্ডের প্রাথমিক তথ্য অনুযায়ী, নিখোঁজ ৩৮৪ জনের মধ্যে ২৯১ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালের নাগরিক। বিদেশিদের মধ্যে ভারত ছাড়াও ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছেন। তালিকাটি এখনও যাচাই করা হচ্ছে।
ভারতীয় দূতাবাসের জরুরি নম্বর
নেপালে থাকা ভারতীয় নাগরিকদের জন্য +977 985 131 6807 এবং +977 970 910 7500 নম্বর (Helpline Number) দিয়েছে ভারতীয় দূতাবাস। বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয়দের বিষয়ে সাহায্য বা তথ্যের জন্য এই নম্বরগুলিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ড পর্যটক ও তাঁদের পরিবারের জন্যও ১২৩৪ টোল-ফ্রি নম্বর, ১১৪৪ হটলাইন এবং 9851289445 নম্বর চালু করা হয়েছে।
নদীর জল বাড়তেই বিপর্যয়
বুধবার সকালে রাসুয়া জেলার ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর বেড়ে যায়। বন্যার জেরে রাস্তা ও সেতু ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বসতি এবং একাধিক জলবিদ্যুৎ প্রকল্পও। রাসুয়া ছাড়াও নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এই দুর্যোগে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে এবং মৃত ও নিখোঁজের সংখ্যা পরিবর্তিত হতে পারে।
পাহাড়ি এলাকায় উদ্ধারকাজে বাধা
দুর্গম পাহাড়ি ভূখণ্ড, ভেঙে পড়া রাস্তা ও সেতুর কারণে উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং সেনা উদ্ধার অভিযানে নেমেছে। হেলিকপ্টারের সাহায্যেও নিখোঁজদের সন্ধান চলছে।
নেপালের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ভারতও নজর রাখছে। নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় থাকায় তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় সহায়তার জন্য দূতাবাসের তরফে জরুরি যোগাযোগ ব্যবস্থা (Helpline Number) চালু করা হয়েছে। উদ্ধার অভিযান এবং নিখোঁজদের পরিচয় ও অবস্থান যাচাইয়ের কাজ এখনও চলছে।


