Aaj India Desk, কলকাতা: আগাস্ট মাসের শেষদিকে পরপর ছুটির কারণে রাজ্য সরকারি কর্মী (West Bengal Government ) ও পেনশনভোগীদের টাকা পাওয়ার তারিখ নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে ২৮ আগাস্ট রাখীবন্ধনের ছুটি, তার পর ২৯ ও ৩০ অগাস্ট শনি-রবিবার হওয়ায় বেতন-পেনশনের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। তবে অর্থ দফতরের নির্ধারিত নিয়ম মেনেই বিভিন্ন শ্রেণির কর্মী ও সুবিধাভোগীদের টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
২৭ আগাস্টই নিয়মিত সরকারি কর্মীদের বেতন
এবার আগাস্ট মাসের শেষ দিন ৩১ তারিখ, সোমবার। সেটিই মাসের শেষ কর্মদিবস। কিন্তু তার আগে ২৮ আগাস্ট রাখীবন্ধনের সরকারি ছুটি এবং ২৯ ও ৩০ আগাস্ট সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে শেষ কর্মদিবসের আগের কর্মদিবস হচ্ছে ২৭ অগাস্ট, বৃহস্পতিবার।
ই-প্রদান ব্যবস্থার নিয়ম অনুযায়ী, নিয়মিত রাজ্য সরকারি কর্মীদের বেতন সাধারণত মাসের শেষ কর্মদিবসের আগের কর্মদিবসে দেওয়ার ব্যবস্থা করা হয়। সেই হিসাবেই এবার ২৭ অগাস্ট কর্মরত রাজ্য সরকারি কর্মীদের অ্যাকাউন্টে বেতন পৌঁছনোর কথা।
শিক্ষক-পঞ্চায়েত কর্মীদের টাকা কবে?
তবে সব সরকারি কর্মী একই দিনে বেতন পাবেন না। গ্রান্ট-ইন-এইডের আওতায় থাকা সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আলাদা সময়সূচি রয়েছে। স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মী, পঞ্চায়েত কর্মী এবং পুরসভার মতো অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন ৩১ অগাস্ট, সোমবার অ্যাকাউন্টে জমা পড়বে।
মজুরি ও স্টাইপেন্ডের টাকা ১ সেপ্টেম্বর
দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা কর্মী, সাম্মানিক ভাতা বা Honorarium পাওয়া ব্যক্তি এবং স্টাইপেন্ডভোগীদের ক্ষেত্রে আবার আলাদা দিন নির্ধারিত হয়েছে। তাঁদের প্রাপ্য টাকা ১ সেপ্টেম্বর, মঙ্গলবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
অর্থাৎ, পরপর ছুটি থাকলেও বেতন পাওয়ার ক্ষেত্রে বড় কোনও অনিশ্চয়তা তৈরি হচ্ছে না। কর্মীদের ক্ষেত্রে ২৭ ও ৩১ অগাস্ট এবং মজুরি, সাম্মানিক ও স্টাইপেন্ডের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর—এই সূচি অনুযায়ী টাকা পাওয়ার কথা। ফলে ছুটির আগে কার অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, তা নিয়ে এবার স্পষ্ট ধারণা থাকছে।


