Aaj India Desk, কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) আবেদনকারীদের জন্য বিশাল আপডেট। সোশ্যাল রেজিস্ট্রি পোর্টাল ফের চালু হওয়ার পর অনেকেই নিজেদের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করছেন। সেখানেই অনেকেরই আবেদনের পাশে দেখা যাচ্ছে ‘Under Process’। কিন্তু এরপর কী পদক্ষেপ করতে হবে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষ করে ক্লেম বা অবজেকশন জানানোর কোনও ব্যবস্থা না থাকায় অনেকেই ভাবছেন, নতুন করে আবেদন করতে হবে কি না।
‘Under Process’ হলে আপাতত নিশ্চিন্ত থাকুন
এই বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনের পাশে যদি ‘Under Process’ লেখা থাকে, তাহলে উপভোক্তাকে এখনই কোনও পদক্ষেপ করতে হবে না। নতুন করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আবেদনটি এখনও যাচাই বা প্রক্রিয়াকরণের পর্যায়ে রয়েছে। তাই এই স্ট্যাটাস দেখে অযথা উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
কখন ক্লেম বা আপত্তি জানাবেন?
তবে সবার ক্ষেত্রে নিয়ম এক নয়। কোনও আবেদনকারীর স্ট্যাটাসে ‘Further Verification’ কিংবা ‘Rejected – May Be Further Verification’-এর মতো উল্লেখ থাকলে তাঁকে সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ক্লেম বা অবজেকশন জানাতে হবে। অর্থাৎ শুধুমাত্র যাঁদের আবেদনে এই ধরনের বার্তা রয়েছে, তাঁদেরই পরবর্তী পদক্ষেপ করতে বলা হয়েছে।
‘Under Process’ থেকে মিলতে পারে ৩ হাজার টাকা
অন্নপূর্ণা যোজনায় ইতিমধ্যেই অগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির মধ্যে যোগ্যদের অ্যাকাউন্টে ১৭ অগস্ট থেকে ২০ অগস্টের মধ্যে টাকা পাঠানোর কথা ছিল। কিন্তু ২০ অগস্ট পেরিয়েও বেশ কিছু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে।
জানা যাচ্ছে, ‘Under Process’ থাকা বেশ কিছু আবেদন পরবর্তীতে অনুমোদিত হচ্ছে। অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট উপভোক্তার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা পাঠানো হচ্ছে। এই প্রক্রিয়া অগস্ট মাসের শেষ পর্যন্ত চলতে পারে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের তরফেও বারবার জানানো হয়েছে, যোগ্য উপভোক্তাদের সকলের কাছেই যোজনার সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।


