Aaj India Desk, কলকাতা : অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের বিক্ষোভের আবহে এবার সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ শানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলাদের একটি বড় অংশ বর্তমানে অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে রীতিমতো রেগে আগুন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিধানসভা নির্বাচনের আগে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে তার সঙ্গে পরিস্থিতির বিস্তর ফারাক। তাঁর দাবি, আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাওয়া মহিলাদের প্রায় ৭৫ শতাংশের টাকা বর্তমানে বন্ধ বা আটকে রয়েছে। নির্বাচনের আগে কঠিন শর্তের কথা বলা না হলেও এখন আয়-সম্পত্তির তথ্য, জটিল আবেদনপত্র এবং একাধিক যাচাইয়ের মাধ্যমে উপভোক্তাদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) যোগ্য-অযোগ্য নির্ধারণে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, “সাধারণ মহিলারা যাতে সময়মতো প্রকল্পের টাকা পান, সেটিই সরকারের অগ্রাধিকার হওয়া উচিত। কে যোগ্য আর কে অযোগ্য সেটা ঠিক করবে কে?” একইসঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করার অভিযোগ তুলে মমতার দাবি, রাজনৈতিক প্রতিহিংসায় নজর না দিয়ে সরকারের উচিত মানুষের প্রাপ্য টাকা নিশ্চিত করা।
প্রতিশ্রুতির অঙ্ক বনাম বাস্তবের হিসাব
নির্বাচনের আগে বিজেপির প্রচারে অন্নপূর্ণা যোজনাকে বড় প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরা হয়েছিল। যোগ্য মহিলাদের মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা বলা হয়। এর আগে লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ মহিলারা ১,৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১,৭০০ টাকা পেতেন বলে দাবি করা হয়েছিল।
কিন্তু সরকার গঠনের পর প্রকল্পের বাস্তবায়ন শুরু হতেই সামনে আসছে অন্য ছবি। আবেদন, আয়-সম্পত্তির তথ্য, যোগ্যতা যাচাই এবং একাধিক প্রশাসনিক শর্ত নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, নির্বাচনী প্রতিশ্রুতির ‘সর্বজনীন’ রাজনৈতিক বার্তা আর প্রশাসনিক বাস্তবতার মধ্যে কতটা ফারাক তৈরি হয়েছে?


