Aaj India Desk, কলকাতা : অন্নপূর্ণা যোজনার ৩,০০০ না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত। এর মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মন্তব্য করে বিতর্ক বাড়ালেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর দাবি, ‘‘মুড়ি-মুড়কির মতো’’ লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ায় মহিলাদের ‘অভ্যাস খারাপ’ হয়ে গিয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরে বিক্ষোভকারী মহিলাদের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজ্যজুড়ে অন্নপূর্ণা নিয়ে ক্ষোভ
অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যের একাধিক এলাকায় বিক্ষোভ চলছে। শুক্রবারও বিভিন্ন জায়গায় পথ ও রেল অবরোধ করে প্রতিবাদ জানান সুবিধাবঞ্চিত মহিলাদের একাংশ। অভিযোগ, আবেদন ও যাচাইকরণ প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তির পাশাপাশি সরকারি দফতরে ঘুরেও সমস্যার সমাধান মিলছে না।
‘লক্ষ্মীর ভাণ্ডারে অভ্যাস খারাপ’
শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্নপূর্ণা যোজনার বিক্ষোভ প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, ‘‘যে ভাবে মুড়ি-মুড়কির মতো মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয়েছে, তাতে অভ্যাস খারাপ হয়ে গেছে।’’
তাঁর বক্তব্য, সব সরকারি সুবিধা সবার জন্য নয়। বিভিন্ন প্রকল্পের জন্য নির্দিষ্ট যোগ্যতা বা ক্রাইটেরিয়া রয়েছে। সেই শর্ত পূরণ করলেই সংশ্লিষ্ট সুবিধা পাওয়া যাবে। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের সময়ে সবাইকে সুবিধা দেওয়ার ‘অভ্যাস’ তৈরি হয়েছে।
মন্ত্রীর মুখোমুখি বিক্ষোভকারীরা
এদিকে পশ্চিম মেদিনীপুরে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভের মুখে পড়েন অগ্নিমিত্রা পাল। জেলাশাসকের সঙ্গে বৈঠক চলাকালীন ভবনের নীচে জড়ো হন বহু মহিলা। পরিস্থিতি সামাল দিতে বৈঠক স্থগিত করে তাঁদের সঙ্গে কথা বলতে নীচে নেমে আসেন মন্ত্রী।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা অন্নপূর্ণা যোজনার কোনও মাসের টাকাই পাননি। কাগজপত্রের কাজ করাতে তাঁদের এক দফতর থেকে অন্য দফতরে ঘুরতে হচ্ছে। এসডিও অফিসে গেলে পুরসভায় যেতে বলা হচ্ছে, আবার পুরসভা থেকে পাঠানো হচ্ছে এসডিও অফিসে।
নোডাল অফিসার নিয়োগের নির্দেশ
অভিযোগ শুনে সমস্যার দ্রুত সমাধানের জন্য জেলাশাসককে একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানান, যাচাইকরণ প্রক্রিয়ায় কারও নাম বাদ পড়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিক্ষোভকারী মহিলাদের কিছুটা সময় দেওয়ার আবেদন জানিয়ে তিনি বলেন, ‘‘একটু সময় দিন। সবে তো সরকার ১০০ দিন পূর্ণ করল।’’
এর আগে অগ্নিমিত্রা পাল দাবি করেছিলেন, অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে বিক্ষোভের পিছনে তৃণমূলের লোকজনের উস্কানি থাকতে পারে। যদিও বিক্ষোভকারীদের অভিযোগের বিষয়টি প্রশাসনিকভাবে খতিয়ে দেখার কথাও জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনার টাকা কবে থেকে এবং কারা পাবেন, সেই প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। তার মধ্যেই একদিকে বিক্ষোভ, অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।


