কলকাতা: রাজ্যের পালাবদলের পর কলকাতা পুরভোটের ঠিক আগে পুরভোটের কলকাতা পুরভোটের (KMC Election) ঠিক আগে পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করা হয়েছে! এই প্রশাসনিক পদক্ষেপ পুরভোটে বিরোধীদের বেশ চাপে ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল!
এই আবহে বামফ্রন্টের অন্দরে এখন সবচেয়ে বড় প্রশ্ন আসন ভাগাভাগি। ২০৯টি ওয়ার্ডকে সামনে রেখে পুরনো সমীকরণে না গিয়ে নতুনভাবে আসন বণ্টনের ভাবনা তৈরি হয়েছে। সিপিএমের (CPM) প্রস্তাবিত রূপরেখায় গুরুত্ব পেতে পারে প্রতিটি ওয়ার্ডের সাংগঠনিক অবস্থান!কোন এলাকায় কোন দলের কর্মী-সমর্থন বেশি, স্থানীয় নেতৃত্ব কতটা সক্রিয় এবং ভোটের (KMC Election) লড়াইয়ে বাস্তবে জেতার সম্ভাবনা কার বেশি।
এই পদ্ধতি কার্যকর হলে দীর্ঘদিনের শরিকি হিসাব অনেকটাই বদলে যেতে পারে। কারণ অতীতে নির্দিষ্ট দলকে নির্দিষ্ট ওয়ার্ড ছেড়ে দেওয়ার যে রীতি ছিল, এবার তার বদলে স্থানীয় শক্তির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার দাবি উঠছে। সিপিএমের (CPM) সংগঠন যেখানে তুলনামূলকভাবে মজবুত, সেখানে দলটি নিজেদের প্রার্থী দিতে চাইতে পারে।
তবে এখানেই জটিলতা। শরিক দলগুলির যুক্তি হতে পারে, নির্বাচনী শক্তি শুধু সাম্প্রতিক ভোটের ফলাফলে ধরা পড়ে না। কোনও এলাকায় বহু বছরের সংগঠন, পরিচিত স্থানীয় নেতৃত্ব, নির্দিষ্ট ভোটব্যাঙ্ক এবং দীর্ঘদিন ধরে কাজ করে আসা কর্মীদের প্রভাবও আসন জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ফলে শুধুমাত্র বর্তমান সাংগঠনিক শক্তিকে মাপকাঠি করলে পুরনো শরিকদের একাংশের আপত্তি তৈরি হওয়া স্বাভাবিক।
গত কলকাতা পুরভোটে (KMC Election) বামফ্রন্ট ১৪১টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তার মধ্যে সিপিএমের হাতে ছিল ৯৬টি ওয়ার্ড। সিপিআই, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি-সহ অন্যান্য শরিকরাও নিজেদের ভাগের আসনে লড়েছিল। এবার ওয়ার্ডের সংখ্যা ২০৯ হলে আগের কাঠামো হুবহু ধরে রাখা কতটা সম্ভব, সেটিই বড় প্রশ্ন।
ফলে আলোচনার টেবিলে শুধু ‘কে কতটি আসন পাবে’?এই প্রশ্ন থাকছে না। বরং কোন ওয়ার্ডে কোন দলের প্রার্থী দিলে বাম ভোট সবচেয়ে কার্যকরভাবে এক জায়গায় রাখা যাবে, সেটিই হয়ে উঠতে পারে মূল বিবেচনা। সেপ্টেম্বরের শুরু থেকে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আসন সমঝোতার প্রক্রিয়া এগোনোর কথা রয়েছে। সেই আলোচনায় সিপিএমের (CPM) নতুন প্রস্তাব কতটা জায়গা পায় এবং শরিকরা নিজেদের পুরনো দাবি থেকে কতটা সরে আসে, তার উপরই নির্ভর করবে চূড়ান্ত সমীকরণ।
অর্থাৎ, ২০৯ ওয়ার্ডের পুরভোট (KMC Election) বামফ্রন্টের কাছে শুধু তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াই নয়! বরং জোটের ভিতরের আসন-অঙ্ক মেলানোও হতে চলেছে বড় রাজনৈতিক পরীক্ষা।


