31 C
Kolkata
Wednesday, August 19, 2026
spot_img

‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রের সঙ্গে সম্মুখসমরে কংগ্রেস! ‘পুরো গান গাইব না’ সাফ চ্যালেঞ্জ হাত শিবিরের!

নয়াদিল্লি: একেবারে স্বাধীনতা দিবসের দিনেই ‘বন্দে মাতরম’ (Vande Mataram) থামানোর নির্দেশ দিয়েছেন সোনিয়া গান্ধী, বিতর্কে তোলপাড়! সেই বিতর্কের রেশ না কাটতেই ‘বন্দে মাতরম’ নিয়ে কেন্দ্রকে একেবারে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস! ছ’টি স্তবকের সম্পূর্ণ গান নয়, ঐতিহাসিকভাবে কংগ্রেসের অধিবেশনগুলিতে যে দু’টি স্তবক গাওয়া হয়ে এসেছে, আগামী দিনেও নিজেদের অনুষ্ঠানে সেই দু’টি স্তবকই গাওয়া হবে! স্পষ্ট জানিয়ে দিল হাত শিবির।

কেন্দ্রের তরফে পুরো ‘বন্দে মাতরম’ (Vande Mataram) গাওয়ার নির্দেশ দেওয়া হলেও তা মানার পথে কংগ্রেস যাচ্ছে না। গোয়ায় দলের সম্মেলনেও দু’টি স্তবক গেয়ে নিজেদের অবস্থান কার্যত স্পষ্ট করে দিয়েছে কংগ্রেস। দলের এই অবস্থানের পক্ষে সওয়াল করতে গিয়ে আরও বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর প্রশ্ন, দীর্ঘদিন ধরে যে রীতি চলে আসছে, কোনও সরকার এসে কি হঠাৎ তা বদলে দিতে পারে? তাঁর যুক্তি, আজ একটি সরকার নিয়ম বদলালে ভবিষ্যতে অন্য সরকার এসে আবার নতুন নিয়ম তৈরি করতে পারে।

খাড়গের বক্তব্য, প্রায় ৯০ বছর ধরে কংগ্রেসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) নির্দিষ্টভাবেই গাওয়া হয়ে আসছে। তাই কেন্দ্রের নির্দেশে সেই ঐতিহাসিক রীতি বদলানোর কোনও কারণ দেখছে না দল। আর এখানেই থামেননি খাড়গে। আদি সংস্করণের ‘বন্দে মাতরম’ গাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সেই গান গেয়েছেন এমন একাধিক ঐতিহাসিক ও রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধেও কি মামলা করা উচিত, এমনই পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি।

খাড়গে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে দাবি করেছেন, তাঁরাও ‘বন্দে মাতরম’-এর একই রীতি অনুসরণ করেছেন। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মুখ্যমন্ত্রী থাকাকালীন দীর্ঘ সময় একইভাবে গানটি গেয়েছেন বলে দাবি খাড়গের। তাঁর বক্তব্যের মূল সুর, “এটাই যদি অপরাধ হয়, তাহলে এতদিন যারা একইভাবে গেয়েছেন, তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।”

এদিকে ‘বন্দে মাতরম’ (Vande Mataram) বিতর্ক ইতিমধ্যেই আরও রাজনৈতিক মাত্রা পেয়েছে। স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দফতরে গানটি গাওয়ার সময় সোনিয়া গান্ধীর কিছু অঙ্গভঙ্গি নিয়ে বিতর্ক তৈরি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

কংগ্রেস অবশ্য ওই ঘটনাকে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। কিন্তু এখন দলের আনুষ্ঠানিক অবস্থান আরও স্পষ্ট, নিজেদের অনুষ্ঠানে পুরো ছ’টি স্তবকের গান নয়, ঐতিহাসিকভাবে প্রচলিত দু’টি স্তবকই গাইবে কংগ্রেস।

তবে দলের অন্দরেও এই সিদ্ধান্ত নিয়ে সম্পূর্ণ ঐকমত্য রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ ‘বন্দে মাতরম’ (Vande Mataram) শুধু জাতীয় গান নয়! এর সঙ্গে জাতীয়তাবাদ, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং বর্তমানের ‘হিন্দুত্বের রাজনীতিও’ জড়িয়ে রয়েছে। ফলে এই ইস্যুতে এক ধাপ ভুল পদক্ষেপ রাজনৈতিকভাবে কংগ্রেসকে বিপাকে ফেলতে পারে বলে মনে করছেন দলেরই একাংশ। বুধবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে বিষয়টি আরও আলোচনায় আসতে পারে। অর্থাৎ, ‘বন্দে মাতরম’ হয়ে উঠেছে কেন্দ্র বনাম বিরোধীর নতুন রাজনৈতিক সংঘাতের মঞ্চ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন