কলকাতা: মঙ্গলবার কেশপুরে যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু মাঝপথেই আচমকা ব্রেক! কোলাঘাটে হেলিকপ্টারের জরুরী অবতরণ করলেন ক্যাপ্টেন! কিন্তু কেন? সূত্রের খবর, খারাপ আবহাওয়ার কারণে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের জরুরী অবতরণ করানো হয়, বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। এরপর সড়কপথেই কেশপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রসঙ্গত, মঙ্গলবার একাধিক কর্মসূচি নিয়ে ব্যস্ত দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা এবং পরে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার কথা তাঁর। সেই কর্মসূচিতে যোগ দিতে দমদম বিমানবন্দর থেকে কপ্টারে রওনা হয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু মাঝপথেই ঘটে বিপত্তি। যান্ত্রিক ত্রুটির জেরে কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করতে হয় কপ্টারটিকে।
জানা গিয়েছে, রওনা হওয়ার আগেই কপ্টারে যান্ত্রিক সমস্যার বিষয়টি নজরে আসে। তড়িঘড়ি বিষয়টি খতিয়ে দেখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সমস্যা সামলে ওই কপ্টারেই কেশপুরের উদ্দেশে রওনা হন শুভেন্দু। কিন্তু আকাশপথে যাওয়ার সময় ফের সমস্যা দেখা দেওয়ায় কোলাঘাটে জরুরি অবতরণ করা হয়।
এই মুহূর্তে কপ্টারটির মেরামতের কাজ চলছে। সমস্যা পুরোপুরি সমাধান করা গেলে ওই কপ্টারেই মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ফিরবেন বলে জানা যাচ্ছে।
এদিন কেশপুরের সভা সেরে বাঁকুড়ায় যাওয়ার কথা শুভেন্দুর। সেখানে প্রশাসনিক বৈঠক রয়েছে। ফলে কপ্টারে যান্ত্রিক ত্রুটির জেরে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে কোনও পরিবর্তন হয় কি না, এখন সেদিকেই নজর। আপাতত কোলাঘাটে কপ্টার মেরামতের কাজ চলছে।


