Aaj lndia Desk, কলকাতা: কলকাতার মেট্রো পরিষেবার সম্প্রসারণে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এগিয়ে চলেছে টানেল বোরিং মেশিন (TBM) ‘দিব্যা’। গত বছরের অক্টোবর থেকে সুড়ঙ্গ খননের কাজ শুরু করা এই বিশাল যন্ত্রটি প্রায় ১০ মাসের চেষ্টায় এবার ভিক্টোরিয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই অপর টানেল বোরিং মেশিন ‘দুর্গা’ও নির্ধারিত পথে অনেকটা এগিয়ে গিয়েছে।
১৭২৩ মিটার পথ পেরিয়ে দুই TBM
মেট্রো সূত্রে খবর, ‘দিব্যা’ এবং ‘দুর্গা’ এখনও পর্যন্ত মিলিয়ে প্রায় ১৭২৩ মিটার সুড়ঙ্গের পথ তৈরি করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ তৈরির দায়িত্ব রয়েছে এই দুই যন্ত্রের উপর। আগামী দিনে নির্দিষ্ট রক্ষণাবেক্ষণের কাজ শেষ করে আরও প্রায় ৯১৪ মিটার পথে সুড়ঙ্গ খনন করা হবে।
কবে পৌঁছবে পার্ক স্ট্রিটে?
পরিকল্পনা অনুযায়ী, ‘দুর্গা’ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পার্ক স্ট্রিটে পৌঁছতে পারে। অন্যদিকে ‘দিব্যা’র পার্ক স্ট্রিটে পৌঁছনোর সম্ভাব্য সময় ২০২৭ সালের মার্চ। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত শেষ প্রায় ২০০ মিটার অংশ অবশ্য টিবিএম দিয়ে নয়, ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে তৈরি করার পরিকল্পনা রয়েছে।
৬০০ টনের যন্ত্র, ধাপে ধাপে তৈরি হচ্ছে সুড়ঙ্গ
এই প্রকল্পে ব্যবহৃত টিবিএমগুলি আকারে বিশাল। প্রায় ৯৫ মিটার লম্বা এবং প্রায় ৬০০ টন ওজনের এই যন্ত্রের সামনের অংশ প্রথমে মাটি কেটে এগিয়ে যায়। এরপর পিছনের অংশগুলি ধাপে ধাপে যুক্ত করা হয়। এভাবেই মাটির নীচে তৈরি হচ্ছে মেট্রোর নতুন পথ।
বৌবাজারের অভিজ্ঞতা থেকে শিক্ষা
কলকাতার নরম মাটিতে সুড়ঙ্গ খননের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। বৌবাজারের বিপর্যয়ের মতো পরিস্থিতি যাতে ফের তৈরি না হয়, সে জন্য টিবিএমে একাধিক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। জলের সংস্পর্শে ফুলে ওঠে এমন বিশেষ রবার সিলের পাশাপাশি ব্যবহার করা হয়েছে ‘টেল স্ক্রিন গ্রিজ’।
খিদিরপুরের সেন্ট টমাস স্কুল চত্বরে প্রায় ৩৭ মিটার লম্বা, ২২ মিটার চওড়া এবং ১৭ মিটার গভীর জায়গা তৈরি করেই এই বিশাল টিবিএম নামিয়ে সুড়ঙ্গ খননের কাজ শুরু হয়েছিল। এখন সেই কাজই ধীরে ধীরে এগিয়ে কলকাতার মাটির নীচে নতুন মেট্রো যোগাযোগের পথ তৈরি করছে।


