Aaj India Desk, কলকাতা: হালিশহরে বিরজু কেওটের পুলিশ হেফাজতে মৃত্যুকে ঘিরে উত্তেজনার আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে। মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছোঁড়া হয় কাদা, ইট, জুতো। তবে ঘটনার পরেই প্রতিবাদে সোচ্চার হন বিজেপি মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ঘটনার প্রতিবাদ জানান তৃণমূলের কুণাল ঘোষও।
‘এটা বাংলার সংস্কৃতি নয়’
ঘটনার প্রতিবাদ করে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগ থাকতেই পারে। তাঁর কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় অনেক অপরাধ করেছেন, ১৫ বছর অত্যাচার করেছেন, আমি সব মেনে নিচ্ছি। কিন্তু তার মানে এই নয় যে তাঁর গায়ে কাদা ছুড়বেন, ‘চোর চোর’ বলবেন বা জুতোর মালা পরাবেন।” অগ্নিমিত্রা স্পষ্ট করে জানান, এই ধরনের আচরণকে দল বা সরকার সমর্থন করে না। তাঁর বক্তব্য, “এটা বাংলার সংস্কৃতি নয়, আমাদের সরকারের সংস্কৃতিও নয়।”
বিজেপি কর্মীদের বিরুদ্ধে অ্যাকশন
ঘটনায় বিজেপির কোনও অংশের কর্মী যুক্ত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বার্তাও দিয়েছেন অগ্নিমিত্রা (Agnimitra Paul)। তিনি স্পষ্ট বলেন, দলের নাম করে কেউ যদি মনে করেন এই ধরনের আচরণকে প্রশ্রয় বা বাহবা দেওয়া হবে, তা ভুল। তাঁর দাবি, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে এমন আচরণ করার জন্য উপযুক্ত শাস্তিও দেওয়া হবে।
অন্যদিকে, মমতার কনভয়ে হামলার অভিযোগ নিয়ে সমাজমাধ্যমে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি ঘটনার তীব্র নিন্দা করে লেখেন, “কী ধরনের রাজত্ব চলছে? পুলিশ কীভাবে এই দুষ্কৃতীদের জমায়েত হতে দিল?”
উল্লেখ্য, রবিবার হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় ঘিরে বিক্ষোভের ঘটনায় ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। কাদা ও ইট-পাথর ছোড়ার অভিযোগের পাশাপাশি ‘চোর’, ‘ডাকাতরানি’ স্লোগানগুলি ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। যদিও রাজ্য বিজেপি সরকার এই বিষয়ে কঠোর অবস্থান নেবে বলেই জানিয়েছে। ফলে আগামী দিনে এই ঘটনার জেরে রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।


