30 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

জনগণনার কাজেও বিপত্তি! নতুন ফোন চেয়ে পুরসভা অভিযান সেনসাস কর্মীদের!

Aaj India Desk, কলকাতা : অ্যান্ড্রয়েড ১২-এর নিচের অপারেটিং সিস্টেমে ডাউনলোড হচ্ছে না ২০২৭ সালের ভারতের জনগণনার (Census 2027) কাজে ব্যবহৃত HLO App। এই প্রযুক্তিগত সমস্যাকে কেন্দ্র করে জেলায় জেলায় ক্ষোভ বাড়ছে জনগণনার কাজে যুক্ত কর্মীদের মধ্যে। তাঁদের অভিযোগ, সরকারি কাজের জন্য প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থা না করেই কর্মীদের নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পরামর্শ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে শুক্রবার দুপুর ২টোয় পুরসভা অভিযানের ডাক দিয়েছে সেনসাস কর্মী ঐক্য মঞ্চ।

সেনসাস কর্মীদের মূল দাবি, জনগণনার কাজের জন্য সরকারকেই প্রয়োজনীয় কনফিগারেশনের অ্যান্ড্রয়েড মোবাইল দিতে হবে। তা না হলে তাঁদের জনগণনার দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। কর্মীদের বক্তব্য, সরকারি দায়িত্ব পালন করতে ব্যক্তিগত অর্থে নতুন মোবাইল কেনার নির্দেশ গ্রহণযোগ্য নয়।

HLO App নিয়েই মূল সমস্যা

২০২৭ সালের জনগণনার প্রস্তুতি পর্বে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শুরু হয়েছে। কিন্তু বহু কর্মীর পুরনো অ্যান্ড্রয়েড ফোনে HLO App কাজ করছে না। বিশেষ করে ২০২১ সালের আগে ব্যবহৃত অনেক পুরনো ফোনে অ্যাপটি ডাউনলোড বা প্রশিক্ষণের কাজ করা সম্ভব হচ্ছে না বলে অভিযোগ। জনগণনার বিধি অনুযায়ী, Android 12-এর নিচের অপারেটিং সিস্টেমে HLO App সাপোর্ট করবে না। ফলে ব্যক্তিগত ফোন ব্যবহার করে কাজ করতে গেলে কর্মীদের একটি বড় অংশকে নতুন ডিভাইস কেনার পরিস্থিতিতে পড়তে হচ্ছে। (Census 2027)

১৬ আগস্ট থেকে বাড়বে চাপ

১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে স্ব-গণনা বা Self-Enumeration পর্ব। এরপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনা। এই পর্যায়ে HLO App-এর মাধ্যমে তথ্য সংগ্রহের কাজ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মীর কাছে উপযুক্ত ডিভাইস না থাকলে মাঠপর্যায়ে জনগণনার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। (Census 2027)

প্রশিক্ষণেও সমস্যার অভিযোগ

কর্মীদের দাবি, জনগণনার প্রশিক্ষণ পর্বেও একাধিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে তাঁদের। পুরনো মোবাইলে অ্যাপ ব্যবহার করতে না পারায় প্রশিক্ষণের প্রক্রিয়াতেও সমস্যা তৈরি হচ্ছে। ইতিমধ্যেই একাধিক জেলা প্রশাসনের তরফে জনগণনার কাজে যুক্ত কর্মীদের Android 12 বা তার বেশি সংস্করণের ফোন ব্যবহারের কথা জানানো হয়েছে বলে অভিযোগ। কোথাও কোথাও নতুন ফোন কেনার পরামর্শ দেওয়া হয়েছে বলেও দাবি কর্মীদের।

এই পরিস্থিতিতেই শুক্রবার পুরসভা অভিযানের কর্মসূচি নিয়েছে সেনসাস কর্মী ঐক্য মঞ্চ। কর্মীদের স্পষ্ট দাবি, সরকারি কাজের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিকাঠামো সরকারকেই দিতে হবে। তাঁদের এই অবস্থান কার্যকর হলে আগামী দিনে জনগণনার প্রস্তুতি ও মাঠপর্যায়ের কাজে প্রশাসনিক চাপ বাড়তে পারে। বিশেষ করে ১৬ আগস্ট থেকে গৃহ তালিকা প্রস্তুতিকরণ ও গৃহ গণনার কাজ শুরু হওয়ার আগে সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন