26.4 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

তারাতলা কাণ্ডের পর কড়া মুখ্যমন্ত্রী! বেআইনি বহুতল-কাণ্ডে অভিযুক্তদের ‘লাইভ’ জেরার হুশিয়ারি

Aaj India Desk, কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ একটি গোডাউন ভেঙে ১৬ জন শ্রমিকের মৃত্যুর প্রায় দু’মাস পর বেআইনি বহুতল নির্মাণের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ক্রেডাই (CREDAI)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) জানান, নির্মাণ প্রকল্পগুলির অডিট শেষ হয়েছে। বন্ধ থাকা প্রকল্পগুলির মধ্যে ১৯৩টিকে আবার কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ২৭টি ভবনে গুরুতর অনিয়ম ধরা পড়েছে।

মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু প্রমোটার নন, যেসব সরকারি আধিকারিক নিয়ম ভেঙে অনুমোদন দিয়েছেন, তাঁদেরও জবাবদিহির মুখে পড়তে হবে।

মিডিয়ার সামনেই হবে জবাবদিহি

অগ্নিমিত্রা পাল বলেন, খুব শীঘ্রই একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সংবাদমাধ্যম উপস্থিত থাকবে। সেখানে বেআইনি নির্মাণে অভিযুক্ত প্রমোটার ও সংশ্লিষ্ট সরকারি আধিকারিকদের ডেকে প্রকাশ্যেই প্রশ্ন করা হবে, কীভাবে এবং কেন এই অনিয়ম ঘটেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, সাধারণ মানুষের সামনে সত্যিটা তুলে ধরা জরুরি।

মন্ত্রী জানান, সরকার চায় নিয়ম মেনে কাজ করা নির্মাতাদের কোনও অসুবিধা না হোক। কিন্তু বেআইনি নির্মাণের কারণে আর যেন তারাতলার মতো মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে দিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আগামী ১৫ আগস্টের মধ্যে নির্ধারিত সব প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ বহাল রয়েছে।

তদন্তে দেখা গেছে, কলকাতা, বরাহনগর-সহ কয়েকটি এলাকায় চারতলার অনুমতি নিয়ে সাততলা পর্যন্ত ভবন নির্মাণ করা হয়েছে। এমন ২৭টি বেআইনি নির্মাণ চিহ্নিত হয়েছে এবং সংশ্লিষ্টদের ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে, যেসব প্রকল্পে কোনও অনিয়ম পাওয়া যায়নি, তার মধ্যে ১৯৩টিকে আবার কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। এখন থেকে নতুন নির্মাণের ক্ষেত্রে সয়েল টেস্ট, স্ট্রাকচারাল অডিট এবং অনুমোদিত নকশা খুঁটিয়ে পরীক্ষা করা বাধ্যতামূলক করা হচ্ছে।

অন্তরা আচার্যের নেতৃত্বে নজরদারি

পুরো বিষয়টি তদারকির জন্য একটি বিশেষ টাস্ক ফোর্স এবং উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পিডব্লিউডি সচিব অন্তরা আচার্যের নেতৃত্বে এই কমিটি কাজ করছে। পুলিশ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলিও পুরো বিষয়টি নজরে রাখবে।

বৈঠকে মুখ্যমন্ত্রী ক্রেডাইয়ের প্রতিনিধিদেরও আশ্বস্ত করেন যে, নিয়ম মেনে কাজ করা সৎ নির্মাতাদের কোনও ধরনের হয়রানি করা হবে না। পাশাপাশি তিনি জানতে চান, কোনও অসাধু ব্যক্তি বা গোষ্ঠীর তরফে তাঁদের উপর কোনও বেআইনি চাপ রয়েছে কি না। এমন কিছু থাকলে সরাসরি সরকারকে জানানোরও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ২৪ জুন তারাতলায় একটি বেআইনি নির্মীয়মাণ গোডাউন ভেঙে পড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর বেআইনি ও নিম্নমানের নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর কলকাতা পুরসভা-সহ রাজ্যের ১৩টি পুরসভা এলাকায় সব ধরনের নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রেখে অডিট শুরু হয়। প্রতিটি ওয়ার্ডে যৌথ পরিদর্শন দল গঠন করে প্রায় দু’মাস ধরে তদন্ত চালানো হয়। সেই অডিটের ভিত্তিতেই এবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে আরও কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন