স্নেহা পাল, কলকাতা: কলকাতার খিদিরপুরে (Khidirpur) ব্যক্তিগত কাজে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়েন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর (Humayun Kabir)।
খিদিরপুরের একবালপুর সোলাহ আনা মসজিদের পাশে ৭৮ নং ওয়ার্ডের সামনে বুধবার বিকেলে হেনস্থার শিকার হন হুমায়ুন কবীর। কয়েকজন স্থানীয় বাসিন্দা তাঁর গাড়ির সামনে দাঁড়িয়ে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন। কারও হাতে হকি স্টিক থাকার অভিযোগও ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তিনি এলাকা ছেড়ে চলে যান।
হুমায়ুন কবীরের অভিযোগ, রাজ্যের পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের অনুগামীরা পরিকল্পিতভাবে তাঁর পথ আটকান। হুমায়ুনের বক্তব্য, কেউ কেউ তাঁকে মারারও চেষ্টা করেন। তাদেরকে ‘ববি হাকিমের গুন্ডা’ বলে সম্বোধন করেন তিনি। যদিও তিনি যে ভিডিও প্রকাশ করেছেন, তাতে কোনও রাজনৈতিক দলের পতাকা দেখা যায়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “হুমায়ুন বাবু এখনও একজন নির্বাচিত বিধায়ক। আমি তাঁকে বলব, তিনি কলকাতা পুলিশ বা থানায় গিয়ে ধর্না দিন। পারলে নবান্নে ঢুকে ধর্না করুন, না হলে আগামীকাল বিধানসভায় ধর্না দিন।” তবে এই বিষয়ে ফিরহাদ হাকিমের কোনও মন্তব্য করেননি।
এর আগে চলতি বছরের ৫ জানুয়ারি ব্রিগেড প্যারেড গ্রাউন্ড পরিদর্শনের সময়ও ‘গো ব্যাক’ স্লোগানের মুখে পড়েছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবারের ঘটনার কয়েক ঘণ্টা আগেও সামাজিক মাধ্যমে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও SIR ইস্যু নিয়ে তীব্র মন্তব্য করেন। পোস্টে তিনি দাবি করেন, SIR এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং ভোটব্যাঙ্ক রক্ষার রাজনীতি চলছে। তাঁর সেই মন্তব্যের পরই খিদিরপুরে বিক্ষোভের ঘটনা রাজনৈতিক মহলে গুঞ্জন সৃষ্টি করে।


