Aaj lndia Desk,কলকাতা: টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-কে শুক্রবার আচমকাই নবান্নে দেখা যাওয়ায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয় জোর চর্চা। রাজ্যের প্রশাসনিক সদর দফতরে তাঁর উপস্থিতি ঘিরে নানা জল্পনা ছড়িয়ে পড়লেও, পরে নবান্ন সূত্রে বৈঠকের আসল উদ্দেশ্য সামনে আসে।
জানা গিয়েছে, এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) রাজ্যের পুর ও নগর উন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে সম্ভাব্য অনুষ্ঠান ও বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও বৈঠক শেষে এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি মন্ত্রী।
উল্লেখ্য, রাজ্যে সরকার পরিবর্তনের পর এটি প্রসেনজিতের প্রথম নবান্ন সফর নয়। এর আগেও তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময়ও তাঁর প্রশাসনিক ভবনে আগমন ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে বৈঠকের পর অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন, রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা তাঁর নেই। বাংলা চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং টলিউডের বিভিন্ন বিষয় নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছিল বলে তিনি জানান।
এদিকে, কয়েক সপ্তাহ আগে অগ্নিমিত্রা পাল ও বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরও নানা জল্পনা তৈরি হয়। পরে অভিনেতার ঘনিষ্ঠ মহল জানায়, বিমানবন্দরে আকস্মিক সাক্ষাতের পর সৌজন্যবশত সেই ছবি তোলা হয়েছিল। এর সঙ্গে কোনও রাজনৈতিক বৈঠক বা নতুন সমীকরণের সম্পর্ক ছিল না।
ফলে শুক্রবারের নবান্ন সফর ঘিরেও শুরুতে নানা গুঞ্জন ছড়ালেও, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে এই বৈঠকের মূল লক্ষ্য ছিল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদ্যাপনকে ঘিরে পরিকল্পনা। যদিও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।


