কলকাতা: নীল-সাদা এখন অতীত। ক্ষমতার পালাবদল হতেই ধীরে ধীরে বদলে যাচ্ছে তিলোত্তমার রং। সম্প্রতি নবান্নের পুরনো নীল ফলক সরিয়ে গেরুয়া রঙের ফলক বসানো হয়েছে। এবার রাজ্যের আরও এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিল্ডিং বিকাশ ভবনের (Bikash Bhavan) ফলকের রঙেও আসছে ‘পরিবর্তন’। ইতিমধ্যেই সেই কাজের তোড়জোড় শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। খুব শীঘ্রই শিক্ষা দপ্তরের সদর দফতর বিকাশ ভবনের মাথায় গেরুয়া রঙের নতুন ফলক দেখতে পাওয়া যাবে।
বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে প্রশাসনিক স্তরেও একের পর এক দৃশ্যমান পরিবর্তন সামনে আসছে। নতুন সরকার ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই নবান্নের নামফলকের নীল-সাদা রং বদলে গেরুয়া করা হয়েছিল। যদিও ভবনের বাইরের রং এখনও আগের মতোই নীল-সাদা রয়েছে। এবার সেই একই পথে হাঁটছে বিকাশ ভবনও (Bikash Bhavan)।
সূত্রের খবর, নবান্নের মত বিকাশ ভবনেও আপাতত শুধুমাত্র নামফলকের রং বদলানো হচ্ছে। ভবনের (Bikash Bhavan) বাইরের অংশে আপাতত কোনও পরিবর্তন আনা হচ্ছে না। তবে ভবিষ্যতে ভবনের রংও বদলানো হতে পারে কি না, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে ধীরে ধীরে নীল-সাদার পরিবর্তে গেরুয়ার উপস্থিতি বাড়তে থাকায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর জল্পনা। যদিও সরকারিভাবে এ বিষয়ে এখনও কোনও আলাদা ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে নবান্নের পর বিকাশ ভবনের ফলকের রং পরিবর্তনের সিদ্ধান্ত প্রশাসনিক অন্দরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি স্কুলগুলির ইউনিফর্মের রং নীল-সাদা করা হয়েছিল। তবে নতুন সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, সেই ইউনিফর্মের রং বদলানো হবে এবং ২০২২ সালের আগের রং-ই ফিরিয়ে আনা হবে। শুধু স্কুলের পোশাকই নয়, রাজ্য পুলিশের দুর্গা সুরক্ষা স্কোয়াড-এর ইউনিফর্মেও আসছে পরিবর্তন।
সূত্রের খবর, এই বিশেষ বাহিনীর জন্য গোলাপি ও গেরুয়া (কমলা) রঙের নতুন পোশাক তৈরির বরাত ইতিমধ্যেই দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের একাংশের মতে, রাজ্যে একের পর এক সরকারি প্রকল্প, ভবনের ফলক এবং ইউনিফর্মে এই রং পরিবর্তন নতুন সরকারের প্রশাসনিক পরিচয়েরই প্রতিফলন।


