নয়াদিল্লি: নিট বিতর্ক যেন এখন আর শুধু প্রশ্নফাঁস বা ছাত্র আন্দোলনের গণ্ডিতে আটকে নেই। সোশ্যাল মিডিয়ায় তা রীতিমতো ‘হাই-ভোল্টেজ’ বাকযুদ্ধে পরিণত হয়েছে। একদিকে বিজেপি সাংসদ তথা বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা রানাউত (Kangana Ranaut), অন্যদিকে ককরোচ জনতা পার্টি (CJP)-র মুখপাত্র সৌরভ দাস (Saurav Das)। একের পর এক পাল্টা পোস্টে জমে উঠেছে রাজনৈতিক ‘রোস্ট ব্যাটল’।
শুরুটা হয়েছিল কঙ্গনার (Kangana Ranaut) অভিযোগ দিয়ে। তাঁর দাবি, নিট কেলেঙ্কারির প্রতিবাদকে হাতিয়ার করে ‘জেন জি’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করছে। সেই মন্তব্যের পাল্টা সৌরভের (Saurav Das)খোঁচা, “নিজের দলের লোকেরাই তাঁকে খুব একটা গুরুত্ব দেয় না। তাহলে আমরাই বা কেন দেব? জেন জি বা জেন আলফার কেউই ওঁকে গুরুত্বের সঙ্গে নেয় না।” ব্যস, এরপরই যেন খুলে গেল ‘এক্স’-এর কমেন্ট বক্স!
সৌরভকে নিশানা করে কঙ্গনা (Kangana Ranaut) লিখলেন, গুগলে খুঁজে জেনেছেন তাঁর বয়স ২৮ বছর। সেই বয়সে নিজেকে ছাত্র বলে পরিচয় দেওয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি। এরপরই নিজের কেরিয়ারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী-সাংসদের দাবি, “ওঁর বয়সে আমার ঝুলিতে দুটি জাতীয় পুরস্কার ছিল।”
শুধু সেখানেই থামেননি কঙ্গনা (Kangana Ranaut)। নতুন সাংসদ হিসেবে সংসদের কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, একই সঙ্গে অভিনেত্রী, পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও উদ্যোক্তা হিসেবে কাজ সামলাতে হয় তাঁকে। সেই প্রসঙ্গেই সৌরভকে কটাক্ষ করে তাঁর (Kangana Ranaut) মন্তব্য, “ওঁর মতো অকর্মণ্য, বেকার একজন মানুষের পক্ষে এসব বোঝা সম্ভব নয়।” শেষবার্তায় আরও একধাপ এগিয়ে কঙ্গনা লেখেন, “প্রিয় সৌরভ (Saurav Das), তুমি ছাত্র নও, একজন বেকার মানুষ। আগে কোনও একটি বিষয়ে দক্ষতা অর্জন কর, তারপর ভবিষ্যতের কথা ভাবো।”
অবশ্য সৌরভও যে চুপ করে থাকার পাত্র নন, তা আগেই বুঝিয়ে দিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, কঙ্গনা নিজেই স্বীকার করেছেন যে সাংসদ হিসেবে কাজের পরিধি সম্পর্কে তাঁর আগে স্পষ্ট ধারণা ছিল না। সৌরভের (Saurav Das) কথায়, “তিনি আমাদের দায়িত্বজ্ঞানহীন প্রজন্ম বলছেন, অথচ তাঁর নিজের মন্তব্যেই দায়িত্ববোধের অভাব স্পষ্ট। জেন জি দেশের গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করেছে।”
ফলে নিট আন্দোলন ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন অনেকটাই ব্যক্তিগত বাকযুদ্ধে পরিণত হয়েছে। একদিকে জাতীয় পুরস্কারের হিসেব, অন্যদিকে জেন জি-র অবদান! সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা বনাম সৌরভ লড়াই আপাতত থামার কোনও লক্ষণই নেই।


