Aaj lndia Desk , কলকাতা:অগাস্ট মাস যত এগিয়ে আসছে, ততই রাজ্যের অন্যতম আলোচিত প্রকল্প অন্নপূর্ণা যোজনা ঘিরে বাড়ছে আগ্রহ। ইতিমধ্যেই জুন ও জুলাই মাসের ভাতার টাকা এক কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছে। তবে আবেদন জমা দেওয়ার পরেও বহু প্রকৃত ও যোগ্য আবেদনকারী এখনও এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ উঠেছে। সেই পরিস্থিতিতেই আগামী কিস্তির টাকা ছাড়ার আগে গুরুত্বপূর্ণ আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, ৩০ অগাস্টের মধ্যে যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁদের নাম নথিভুক্ত করা হবে এবং তাঁরা প্রকল্পের সুবিধা পাবেন। তিনি বলেন, বর্তমানে আবেদনকারীদের নথি যাচাইয়ের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পর যাঁরা সমস্ত যোগ্যতার শর্ত পূরণ করবেন, তাঁদের অগাস্ট মাস থেকেই ভাতার টাকা দেওয়া হবে।
জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আবেদন যাচাইয়ের কাজ ৩০ অগাস্ট পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে প্রতিটি আবেদন খতিয়ে দেখে প্রকৃত উপভোক্তাদের তালিকাভুক্ত করা হবে। প্রশাসনের দাবি, যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই নতুন যোগ্য আবেদনকারীদের প্রকল্পের আওতায় আনা হবে, যাতে কোনও প্রকৃত দাবিদার বঞ্চিত না হন।
অন্যদিকে, প্রকল্পে আরও স্বচ্ছতা আনতে নতুন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি বিধানসভার নৌসর আলি কক্ষে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ পান যে, অনেক যোগ্য ব্যক্তি এখনও তালিকার বাইরে রয়েছেন, আবার কিছু অযোগ্য নামও উপভোক্তার তালিকায় ঢুকে পড়েছে।
এরপরই তিনি সমস্ত বিধায়কদের নিজ নিজ বিধানসভা এলাকায় মাঠপর্যায়ে সমীক্ষা চালানোর নির্দেশ দেন। কোন অযোগ্য ব্যক্তির নাম তালিকায় রয়েছে এবং কোন যোগ্য আবেদনকারী এখনও বাদ রয়েছেন, তার বিস্তারিত তালিকা তৈরি করে প্রশাসনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগের ফলে অন্নপূর্ণা যোজনার সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছেই পৌঁছাবে এবং প্রকল্প বাস্তবায়নে আরও স্বচ্ছতা নিশ্চিত হবে।


