স্পেশাল ইনটেনসিভ রিভিশন (SIR) নিয়ে আপত্তি জানাতে আজ বিকেল ৪টায় দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
কিছুক্ষণ আগে শেষ হওয়া এই বৈঠকে তৃণমূল কংগ্রেসের মোট ১৫ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন SIR প্রক্রিয়ায় ‘মৃত’ হিসেবে চিহ্নিত পরিবারের ১২ জন সদস্য। সকলেই কালো পোশাক এবং কালো শাল পরে SIR এর বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান।
আগেই মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে SIR প্রক্রিয়ার বিরোধিতা করে একে “স্বেচ্ছাচারী ও রাজনৈতিকভাবে প্রভাবিত” বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়ায় একাধিক অনিয়ম হয়েছে। তাঁর অভিযোগ, জীবিত নাগরিকদের মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, যার ফলে বহু পরিবার চরম সমস্যার মুখে পড়েছে এবং এই প্রক্রিয়ার সঙ্গে মৃত্যুর ঘটনাও জড়িয়ে রয়েছে।
রাজ্য সরকারের আপত্তি ও অভিযোগগুলি নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করাই আজকের বৈঠকের উদ্দেশ্য ছিল।
SIR সংক্রান্ত নির্বাচন কমিশনের ভূমিকার বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের দাবি, বর্তমান ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিরপেক্ষ নয় এবং তা সাধারন মানুষদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ণ করছে।


