Aaj India Desk, নয়াদিল্লি: নিট পরীক্ষায় প্রশ্নফাঁস (NEET Paper Leak) ও অনিয়মকে ঘিরে দেশজুড়ে তীব্র ছাত্র আন্দোলনের আবহে পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার (Central Government)। সোমবার, ২৭ জুলাই লোকসভায় Public Examinations (Prevention of Unfair Means) Amendment Bill, 2026 পেশ করা হবে।
লোকসভার আইন প্রণয়ন সংক্রান্ত কার্যসূচি অনুযায়ী, কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং (Jitendra Singh) এই বিলটি উপস্থাপন করবেন। এতে Public Examinations (Prevention of Unfair Means) Act, 2024-এর একাধিক সংশোধনের প্রস্তাব রাখা হয়েছে। বিলটি পেশের পর তা নিয়ে আলোচনা এবং পাশ করানোর প্রস্তাবও আনা হবে।
নিট প্রশ্নফাঁস বিতর্ককে ঘিরে দেশজুড়ে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতেই পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহি এবং প্রশ্নফাঁস রোধে আরও কঠোর আইনি কাঠামোর দাবি জোরালো হয়। সেই প্রেক্ষাপটেই সংশোধনী বিল আনতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।
অন্যদিকে, গত শনিবার এই বিল আনার সিদ্ধান্ত ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই ককরোচ জনতা পার্টি (CJP) তাদের চলমান ছাত্র আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে। সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের মূল দাবিগুলি বিবেচনার আশ্বাস দেওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
CJP প্রতিনিধিদের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানান, আন্দোলনকারীরা পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে একটি পাঁচ দফা সনদ লিখিত আকারে সরকারের হাতে তুলে দিয়েছেন।
এক্স (X)-এ করা এক পোস্টে জেপি নাড্ডা আরও জানান, আন্দোলনের সংগঠক ও অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি, এই আন্দোলনকে কেন্দ্র করে নতুন কোনও মামলাও দায়ের করা হবে না বলে সরকার আশ্বাস দিয়েছে। তিনি আরও বলেন, পরীক্ষা-সংক্রান্ত বিতর্কে যেসব ছাত্রছাত্রী প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারগুলির প্রতি সরকার গভীর শোক প্রকাশ করেছে এবং সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছে।


