Aaj India Desk, নয়াদিল্লি: নিট পরীক্ষার প্রশ্নফাঁস (NEET Paper Leak) এবং সাম্প্রতিক সময়ে একাধিক পড়ুয়ার আত্মহত্যার ঘটনাকে ঘিরে দেশজুড়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। রাস্তায় বিক্ষোভ থেকে শুরু করে সংসদের অচলাবস্থা— সর্বত্রই এই ইস্যুর প্রভাব স্পষ্ট। বিরোধীদের লাগাতার প্রতিবাদের জেরে সংসদের অধিবেশন বারবার মুলতুবি হচ্ছে। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ এবং দিল্লির যন্তর মন্তরে হাজার হাজার ছাত্র-যুবকের অবস্থান আন্দোলনকে আরও জোরদার করেছে।
আন্দোলনকারীদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এই দাবিতে অনড় রয়েছে আন্দোলনকারী সংগঠনগুলি। এরই মধ্যে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র পক্ষ থেকে অনশনরত পরিবেশকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)-কে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, অনশন শেষ হলেও আন্দোলন থামবে না। দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে।
গুগল সার্চেও উঠে এল আন্দোলনের প্রভাব
শুধু রাজপথেই নয়, মানুষের আগ্রহ ধরা পড়েছে ইন্টারনেট সার্চেও (Google Search)। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে ‘যন্তর মন্তর’ শব্দটি। এরপর সার্চ তালিকায় রয়েছে CJP, সোনম ওয়াংচুক এবং ধর্মেন্দ্র প্রধান।
রাজ্যভিত্তিক সার্চের ছবি
যন্তর মন্তর: দিল্লিতে এই সার্চের আগ্রহ ছিল সবচেয়ে বেশি (স্কোর ১০০)। এরপর রয়েছে হরিয়ানা ও উত্তরপ্রদেশ (৫৫), বিহার ও উত্তরাখণ্ড (৪০)।
CJP: এখানেও দিল্লি শীর্ষে (১০০)। তারপর রয়েছে হরিয়ানা (৫৯), উত্তরপ্রদেশ (৫৪), উত্তরাখণ্ড (৫০) এবং মহারাষ্ট্র (৪৯)।
সোনম ওয়াংচুক: তাঁকে নিয়ে সবচেয়ে বেশি সার্চ হয়েছে অরুণাচল প্রদেশে (১০০)। এরপর সিকিম (৮০), দিল্লি (৬৮), নাগাল্যান্ড (৫৮) ও মিজোরাম (৫৬)।
ধর্মেন্দ্র প্রধান: তাঁকে নিয়ে সবচেয়ে বেশি খোঁজ করেছেন দিল্লির মানুষ (১০০)। এরপর অরুণাচল প্রদেশ (৮৪), ওড়িশা (৭৮), উত্তরপ্রদেশ (৭৪) এবং মহারাষ্ট্র (৭২)।
শুধু নাম নয়, জানতে চাওয়া হয়েছে নেপথ্যের গল্পও
আন্দোলন ঘিরে নানা প্রশ্নও উঠে এসেছে গুগল সার্চে। শুধু আলোচিত ব্যক্তিদের নাম নয়, তাঁদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানতেও আগ্রহ দেখিয়েছেন মানুষ। সবচেয়ে আলোচিত সার্চগুলির মধ্যে একটি ছিল “Sonam Wangchuk hunger strike 1984″। আসলে অনেকেই সোনম ওয়াংচুক এবং তাঁর বাবা সোনম ওয়াংয়ালকে গুলিয়ে ফেলেছেন। ১৯৮৪ সালে লাদাখকে তফশিলি উপজাতি (ST) মর্যাদা দেওয়ার দাবিতে আমরণ অনশন করেছিলেন তাঁর বাবা সোনম ওয়াংয়াল।
এছাড়া “Aamir Khan on Sonam Wangchuk” লিখেও ব্যাপক সার্চ হয়েছে। কারণ, অভিনেতা আমির খান সম্প্রতি স্পষ্ট করেন যে, থ্রি ইডিয়টস ছবির ‘র্যাঞ্চো’ চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবনের ওপর সরাসরি তৈরি নয়। একই সঙ্গে তিনি সোনমের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
আরও একটি আলোচিত সার্চ ছিল “Who is Chandrashekhar Azad in CJP?”। কারণ, সাংসদ চন্দ্রশেখর আজাদ আন্দোলনের প্রতি সমর্থন জানালেও তিনি CJP-র সদস্য নন। এই বিষয়টি নিয়েই অনেকের কৌতূহল তৈরি হয়েছে।
এছাড়া শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পরিবার নিয়েও মানুষের আগ্রহ দেখা গিয়েছে। বিশেষ করে তাঁর মেয়ে নৈমিষা প্রধান এবং তাঁর বিদেশে পড়াশোনা নিয়ে সমাজমাধ্যমে আলোচনা শুরু হওয়ার পর “Dharmendra Pradhan’s daughter’s name” সার্চের সংখ্যাও দ্রুত বেড়ে যায়।


