27.3 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

রক্তাক্ত রেলগেট আর থাকছে না? কর্ণসুবর্ণ দুর্ঘটনার পর বড় সিদ্ধান্তের ইঙ্গিত

মুর্শিদাবাদ: গত শুক্রবার বহরমপুরের নিকট কর্ণসুবর্ণ রেলগেটে ট্রেনের সঙ্গে পুলকারের মর্মান্তিক দুর্ঘটনা (Murshidabad train accident) প্রাণ কেড়েছে পাঁচজনের। যাঁদের মধ্যে ৪ জন ছিল খুদে স্কুলপড়ুয়া। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে গোবিন্দপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার ওই ‘অভিশপ্ত’ রেলগেট নিয়ে বড় পদক্ষেপের পথে ভারতীয় রেল।

জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ২৪এ/২ নম্বর লেভেল ক্রসিং তুলে দিয়ে সেখানে একটি সাবওয়ে নির্মাণের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাতে চলেছে রেল। রাজ্য সরকার সম্মতি দিলে শীঘ্রই ওই রেলগেটের পরিবর্তে সাবওয়ে নির্মাণের কাজ শুরু হতে পারে।

প্রসঙ্গত, গত ১৭ জুলাই কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝের রেলগেটে রেলগেট খোলা থাকা অবস্থায় দ্রুতগতির ট্রেনের ধাক্কায় একটি পুলকার ও একটি সাইকেল দুমড়ে-মুচড়ে যায় (Murshidabad train accident)। ঘটনায় ৪ স্কুলপড়ুয়াসহ মোট ৫ জনের মৃত্যু হয় এবং আহত হন আরও কয়েকজন। গেটম্যান নেশাগ্রস্ত থাকার অভিযোগে ওইদিনই তাঁকে সাসপেন্ড ও গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। সেই দুর্ঘটনার পর থেকেই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

বৃহস্পতিবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে কর্ণসুবর্ণে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সভামঞ্চে ওঠার আগেই তিনি স্বজনহারাদের সঙ্গে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। পরে তিনি বলেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব, আমি করব।”

রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারপিছু ৫ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, রেলও মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা এবং আহতদের আড়াই লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে।

দুর্ঘটনার (Murshidabad train accident) জেরে এবার স্থায়ী সমাধানের পথেই হাঁটতে চাইছে রেল। সূত্রের খবর, লেভেল ক্রসিং তুলে সাবওয়ে তৈরি হলে যানবাহন ও পথচারীদের আর রেললাইন পার হতে হবে না, ফলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এখন রাজ্য সরকারের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছে রেল ও স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন