Aaj India Desk, নয়া দিল্লি : জনগণের চাপে নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের মাঝেই আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (CJP)-কে আলোচনায় ডেকেছিল কেন্দ্র সরকার। তবে আপোসের পথে এগোনোর বদলে সেই আমন্ত্রণ উপেক্ষা করে নতুন বার্তা দিল আন্দোলনকারীরা। ‘সংসদ চলো’ অভিযানের পরেও দাবি পূরণ না হওয়ায় এবার ২৪ জুলাই দেশজুড়ে আরও বৃহত্তর আন্দোলন আয়োজন করার ডাক দিলো সিজেপি। (CJP Protest)
বৈঠকেও মিলল না সমাধান
প্রশ্নফাঁস রুখতে আজই ফাস্ট-ট্র্যাক আদালত গঠন এবং সিজেপির ‘সুবিধা সময় মতো’ বিষয়টি নিয়ে পুনরায় আলোচনার বার্তা দিয়েছিল কেন্দ্র। এর আগে জে.পি নাড্ডার সঙ্গে সিজেপির প্রতিনিধিদের বৈঠকও হয়। কিন্তু বৈঠকের পরও দুই পক্ষের অবস্থানে কোনও উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যায়নি। বরং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে সিজেপি। (CJP Protest)
কী সিদ্ধান্ত সিজেপির ?
সিজেপির দাবি, শুধুমাত্র প্রশ্নফাঁসের তদন্ত বা বিচ্ছিন্ন প্রশাসনিক পদক্ষেপে সমস্যার সমাধান হবে না। দেশের পরীক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে চলে আসা কাঠামোগত ত্রুটি দূর করতে মৌলিক সংস্কার প্রয়োজন। সেই দাবিতেই তারা আন্দোলন আরও তীব্র করার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ২৪ জুলাই দেশজুড়ে বৃহত্তর বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে সিজেপি। সংগঠনের দাবি, বিভিন্ন রাজ্যে ছাত্র-যুব, চাকরিপ্রার্থী, পরীক্ষার্থী, অভিভাবক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা এই কর্মসূচিতে অংশ নেবেন। রাজ্যভিত্তিক সমাবেশ, মিছিল, অবস্থান-বিক্ষোভ এবং গণস্বাক্ষর অভিযানের মতো একাধিক কর্মসূচির প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। (CJP Protest)
কোন দাবিতে অনড় সিজেপি?
সংগঠনের মূল দাবিগুলির মধ্যে রয়েছে—
- পরীক্ষা ব্যবস্থায় মৌলিক সংস্কার
- প্রশ্নফাঁসের ঘটনায় দায় নির্ধারণ
- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- পরীক্ষার্থীদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া নিশ্চিত করা
সিজেপির বক্তব্য, এই দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে ইতিমধ্যেই এই প্রতিবাদ কর্মসূচি গোটা বিশ্বের নজর টেনেছে। তারই ধারাবাহিকতায় ২৪ জুলাইয়ের আন্দোলন কতটা প্রভাব ফেলবে এবং কেন্দ্র সরকার পরবর্তীতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর।


