মুম্বই: ককরোচ জনতা পার্টির আন্দোলনে (CJP Protest) সমর্থন জানিয়ে সামিল হয়েছেন শাবানা আজমি, স্বরা ভাস্কর, প্রকাশ রাজের মত অভিনেতা অভিনেত্রীরা। ধীরে ধীরে সমাজমাধ্যমে সমর্থন জানিয়েছেন নাসিরউদ্দিন শাহ সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী, তারকা। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও ছাত্রদের তথা সিজেপির আন্দোলন নিয়ে এখনও মৌন ‘কিং খান’! আবার অনশনরত সোনম ওয়াংচুককে নিয়ে তো ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলেই দেন, যে থ্রি ইডিয়টসের সময় তিনি সোনম ওয়াংচুককে চিনতেনই না!
যখন বলিউডের দুই খানের সিজেপি তথা ছাত্র আন্দোলন নিয়ে এই মনোভাব, সেই আবহে অবশেষে মুখ খুললেন ‘ভাইজান’ সলমন খান (Salman Khan)! শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এই আন্দোলনকে (CJP Protest) রাজনৈতিক রং না দিয়ে শিক্ষার স্বার্থেই দেখা উচিত। তাঁর এই মন্তব্য সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা।
সলমন বলেন, দেশের ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে যে আন্দোলন চলছে, তা মূলত শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই এই আন্দোলনের (CJP Protest) কৃতিত্ব শুধুমাত্র শিক্ষার্থীদেরই প্রাপ্য। তাঁর কথায়, “এই আন্দোলনকে কোনওভাবেই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। আমার বিশ্বাস, সরকারও শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করবে এবং দেশের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। শেষ পর্যন্ত এর সুফল সবার কাছেই পৌঁছাবে।” শুধু সমর্থনেই থেমে থাকেননি ভাইজান (Salman Khan)। দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের স্বপ্নের কথাও তুলে ধরেন তিনি। সলমনের আশা, এমন একদিন আসবে যখন উচ্চশিক্ষার জন্য বিদেশে নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা ভারতে পড়তে আসবেন।
আবেগঘন বার্তায় তিনি (Salman Khan) বলেন, “এমন সময় আসুক যখন বিদেশ থেকে মানুষ পড়াশোনার জন্য ভারতে আসবে এবং ভারত বিশ্বের অন্যতম ‘এডুকেশনাল হাব’-এ পরিণত হবে। শিক্ষাই হোক আগামী প্রজন্মের সবচেয়ে বড় শক্তি।” শেষে দেশের সমস্ত পড়ুয়ার জন্য শুভকামনাও জানান বলিউড তারকা। তাঁর প্রার্থনা, “যারা শিক্ষিত হতে চায়, ঈশ্বর তাদের সকলের মঙ্গল করুন।”
ছাত্র আন্দোলন নিয়ে দেশের রাজনৈতিক তরজার মাঝেই সলমনের (Salman Khan) এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একাংশ তাঁর বক্তব্যকে শিক্ষার্থীদের প্রতি সংহতির বার্তা হিসেবে দেখছেন, অন্যদিকে অনেকেই মনে করছেন, শিক্ষা নিয়ে জাতীয় আলোচনায় বলিউডের অন্যতম বড় তারকার এই অবস্থান তাৎপর্যপূর্ণ।


