Aaj India Desk, নয়া দিল্লি : শেষপর্যন্ত আমরণ অনশন ভাঙতে রাজি! সরকারের কাছে লিখিত আবেদন জানিয়ে এমনটাই জানিয়েছেন পরিবেশবিদ ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা এবং ড. জিতেন্দ্র সিংকে লেখা একটি চিঠিতে তিনি জানান, সরকার যদি নির্দিষ্ট কয়েকটি বিষয়ে স্পষ্ট আশ্বাস দেয়, তবে তিনি অনশন প্রত্যাহার করতে প্রস্তুত। একই সঙ্গে আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-যুবকদের বিরুদ্ধে কোনও প্রতিহিংসামূলক আইনি পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তাও তিনি চেয়েছেন।
চিঠিতে কী কী দাবি জানালেন?
সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) চিঠিতে উল্লেখ করেন, আগের রাতে হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং তাঁর সঙ্গে দেখা করেন এবং অনশন প্রত্যাহারের আবেদন জানান। সেই বৈঠকে সরকার ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে যে বিষয়গুলির আশ্বাস দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেছেন, সেগুলি হল—
- প্রশ্নপত্র ফাঁসের জেরে আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ।
- সংসদে অর্থবহ আলোচনা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। এর মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টিও বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।
- আন্দোলনকারীদের নিরাপত্তার আশ্বাস।
চিঠিতে ওয়াংচুক বলেন, ২০ জুলাই অনুষ্ঠিত ‘চলো সংসদ’ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল। তবে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি বলপ্রয়োগ এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। আন্দোলনে অংশ নেওয়া কোনও ছাত্র-যুবকের বিরুদ্ধে শাস্তিমূলক বা প্রতিহিংসামূলক ব্যবস্থা নেওয়া হবে না, সরকারকে এই বিষয়ে স্পষ্ট আশ্বাস দেওয়ার অনুরোধ করেন তিনি।
৬৫ সাংসদের চিঠির উল্লেখ
সোনম ওয়াংচুক (Sonam Wangchuk) জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় ৬৫ জন সাংসদ তাঁকে চিঠি লিখে অনশন প্রত্যাহারের অনুরোধ করেছেন। অনেকেই ব্যক্তিগতভাবে দেখা করেছেন বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, দেশের জন্য এবং শিক্ষাক্ষেত্রে কাজ চালিয়ে যেতে তিনি আগ্রহী, কিন্তু যে তরুণদের স্বার্থে এই আন্দোলন শুরু হয়েছে, তাদের দাবিকে উপেক্ষা করে অনশন ভাঙতে চান না।
আশ্বাস মিললেই অনশন ভাঙার বার্তা
চিঠিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, সরকার যদি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার নিশ্চয়তা দেয়, তবে তিনি বিশ্বাসের সঙ্গে অনশন শেষ করবেন। অন্যথায়, তিনি অনির্দিষ্টকালের জন্য অনশন চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করেছেন।
চিঠির শেষ অংশে সোনম ওয়াংচুক লেখেন, ভিন্নমত প্রকাশকারী তরুণ নাগরিকদের সঙ্গে রাষ্ট্র কী ধরনের আচরণ করছে, তার মাধ্যমে একটি গণতন্ত্রের প্রকৃত মূল্যায়ন হয়। এবার কেন্দ্র এই দাবিগুলি পূরণ করে সোনমের অনশন ভাঙতে উদ্যোগী হয় কিনা সেটাই দেখার।


