Aaj lndia Desk, হুগলি: রাজ্য রাজনীতিতে এতদিন প্রতিবাদের ভাষা বলতে কাঁচা বা পচা ডিম ছোড়ার ঘটনাই বেশি দেখা গিয়েছে। তবে হুগলির হরিপালে সেই চেনা ছবির বাইরে গিয়ে এবার দেখা গেল একেবারে অন্যরকম প্রতিবাদ। আর সেই ছবি সামনে আসতেই অনেকের মজার মন্তব্য— ডিমের পর এবার তেলের দামও বাড়বে নাকি!
ঘটনাটি হুগলির হরিপাল ব্লকের বন্দিপুর অঞ্চলের ঘাটড়া গ্রামের। সেখানে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি মানিক কোলেকে ডিমভাজা খাইয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, এলাকায় মৃত গাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি, বিজেপি কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল বলেও দাবি করেন তাঁরা।
বিজেপি নেতা সুমন রুইদাসের অভিযোগ, তৃণমূলের শাসনকালে মানিক কোলে বিজেপি সমর্থকদের হুমকি দিয়ে এলাকা ছাড়া করেছিলেন। শুধু তাই নয়, তাঁদের নামে একাধিক মামলাও করা হয়েছিল বলে অভিযোগ। সেই সমস্ত মামলা প্রত্যাহারের পাশাপাশি, মামলা লড়তে যে আর্থিক খরচ হয়েছে, তার ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন বিক্ষোভকারীরা।
ঘটনার প্রসঙ্গে সুমন রুইদাস বলেন, “আমরা ডিম ছুড়ে ‘ডিম থেরাপি’ করিনি। বরং ডিমভাজা খাইয়েই আমাদের প্রতিবাদ জানিয়েছি।”
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের কোনও অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় তৃণমূলের নেতা-কর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার একাধিক ঘটনা সামনে এসেছে। এমনকি গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের আদালতে নিয়ে যাওয়ার সময় ডিমের আঘাত এড়াতে পুলিশকে হেলমেট পরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও নজরে এসেছে। সেই প্রেক্ষাপটে হরিপালের এই ‘ডিমভাজা প্রতিবাদ’ রাজ্যের রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


