27.3 C
Kolkata
Wednesday, July 22, 2026
spot_img

NEET প্রশ্নফাঁস কাণ্ডে বড় ইউ-টার্ন! সংসদে আলোচনায় রাজি কেন্দ্র!

নয়াদিল্লি: ককরোচদের দাবী আরও একধাপ এগোল। ২০ জুলাই আরশোলাদের ‘সংসদ চলো’ অধিবেশন কার্যত নাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকারকে। আন্দোলনে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রাজধানী দিল্লি। সেইসঙ্গে ককরোচদের সমর্থনে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের কাছে বিক্ষোভ অবস্থানে বসেন রাহুল গান্ধী, অখিলেশ যাদব, প্রিয়াঙ্কা গান্ধী সহ বিরোধী জোটের একাধিক নেতা। সেখান থেকে রাহুলদের টেনে হিঁচড়ে আটক করে পুলিশ। সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই ককরোচদের আন্দোলন নিয়ে সরব হন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গে।

এবার নিট (NEET paper leak case) প্রশ্নফাঁস ইস্যুতে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সংসদে আলোচনায় সম্মতি জানাল কেন্দ্র সরকার। বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু জানান, শিক্ষার্থীদের স্বার্থই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনা করতে সরকার সম্পূর্ণ প্রস্তুত।এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের অদূরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী-সহ বিরোধী সাংসদরা ধরনায় বসেন। তাঁদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি আন্দোলনরত নেতাদের আশ্বাস দেন, নিট প্রশ্নফাঁস (NEET paper leak case) নিয়ে সংসদে আলোচনার ব্যবস্থা করা হবে।

তবে কেন্দ্রের অভিযোগ, সেই আশ্বাসের পরেও রাহুল গান্ধী ধরনা প্রত্যাহার করতে রাজি হননি। জিতেন্দ্র সিংয়ের দাবি, আন্দোলনের সময় বিরোধী পক্ষ বারবার নিজেদের দাবির পরিধি পরিবর্তন করেছে, যার ফলে সমাধানের পথে অগ্রগতি ব্যাহত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই বুধবার কিরেণ রিজিজু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, নিট প্রশ্নফাঁস (NEET paper leak case) নিয়ে সংসদে আলোচনা করতে রাজি নরেন্দ্র মোদী সরকার। সরকার সূত্রের খবর, বিরোধীরা সম্মত হলে বৃহস্পতিবার থেকেই এই বিষয়ে আলোচনা শুরু হতে পারে।

রিজিজু বলেন, “আলোচনার সময় বিরোধীরা তাদের বক্তব্য সম্পূর্ণ স্বাধীনভাবে তুলে ধরতে পারবেন। কেউ তাঁদের বাধা দেবে না। কিন্তু আলোচনা শুরুর আগেই যদি একের পর এক শর্ত চাপিয়ে দেওয়া হয়, তাহলে বোঝা যায় যে উদ্দেশ্য আলোচনা নয়। আমরা খোলা মনেই জানিয়েছি, নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনা করতে আমরা প্রস্তুত।”

বলা বাহুল্য, নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে রাজনৈতিক চাপানউতোর, ছাত্র-আন্দোলন এবং সংসদের অচলাবস্থা তৈরি হয়েছে। এবার সংসদে এই ইস্যুতে বিস্তারিত আলোচনা হলে প্রশ্নফাঁসের (NEET paper leak case) তদন্ত, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র ভূমিকা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে সরকারের পরিকল্পনা নিয়ে সরব হতে পারে বিরোধীরা। অন্যদিকে, সরকারের পক্ষ থেকেও পুরো বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করার সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন