কলকাতা: বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন উৎপাদন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শিল্প প্রকল্পের উদ্বোধনের মঞ্চ থেকেই তিনি মমতাকে উদ্দেশ্য করে বলেন, “আপনার এখন হাতে অনেক সময় আছে। একবার এসে এই প্ল্যান্টের ভিতরটা দেখে যাবেন।”
শুভেন্দুর দাবি, একসময় শিল্পপতি ও বিনিয়োগকারীরা পশ্চিমবঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। কিন্তু সরকার বদলের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে। মাত্র ৯ সপ্তাহেই বিপুল বিনিয়োগ এসেছে এবং আরও একাধিক শিল্পগোষ্ঠী বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বলেও দাবি করেন তিনি।
আইনশৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “নো সিন্ডিকেট, নো কাটমানি, নো উসুলি। জানতে পারলেই ভেঙে গুঁড়িয়ে দেব।” তাঁর (Suvendu Adhikari) হুঁশিয়ারি, কারখানার গেটে তালা লাগানো বা ভাঙচুরের মতো ঘটনা বরদাস্ত করা হবে না। এমন অভিযোগ প্রমাণিত হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাক্তন সরকারের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুলে শুভেন্দুর দাবি, আগে উচ্চস্তর থেকে শিল্প প্রকল্পের অনুমোদন মিললেও স্থানীয় স্তরে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েতে কাটমানি দিতে হত। এখন সেই সংস্কৃতির অবসান হয়েছে। তাঁর কথায়, বাংলায় ব্যবসা করতে শিল্পপতিদের আর প্রশাসনিক বাধা বা অবৈধ অর্থের চিন্তা করতে হবে না, সমস্ত সহযোগিতা করবে সরকার।
বিনিয়োগকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) আরও জানান, শুধু বিনিয়োগের পরিমাণ নয়, কতজন যুবকের কর্মসংস্থান হচ্ছে, তার ভিত্তিতেই সরকারি প্রণোদনা নির্ধারণ করা হবে। একইসঙ্গে সিঙ্গুর ও নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে তিনি আশ্বাস দেন, শিল্পায়নের নামে কাউকে জোর করে জমি ছাড়তে হবে না। আলোচনার ভিত্তিতে এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই শিল্প প্রকল্প বাস্তবায়িত হবে। এখন দেখার প্রতিশ্রুতি মত ‘শিল্প বান্ধব সোনার বাংলা’ গড়তে কতটা সফল হয় গেরুয়া-সরকার।


