Aaj India Desk, উত্তর ২৪ পরগনা: নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই শুরু হয়েছে দল বদলের রাজনীতি। একে একে কালীঘাটের সংস্পর্শ থেকে বেরিয়ে এসেছেন তৃনমূলের পরিচিত নেতারা। এবার সেই তালিকায় জুড়তে চলেছে আরও এক নাম। সূত্র অনুযায়ী, শুক্রবার দুপুরে বিধানসভায় যেতে পারেন রাজারহাট-নিউটাউনের এই প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেখানেই বিরোধী শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করে তাঁর শিবির বদলের সম্ভাবনা রয়েছে।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের পর থেকেই উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অসন্তোষের কথা শোনা যাচ্ছিল। সেই প্রেক্ষাপটে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে ইস্তফা দেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তাঁর পদত্যাগের পর ওই সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল কাকলি ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়কে (Tapas Chatterjee)। দলীয় সূত্র অনুযায়ী, এবার এই তাপসই বিদ্রোহী শিবিরে যেতে চলেছেন। ঋতব্রত শিবিরের বারাসত সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্বও তাঁকে দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
এই জল্পনার বিষয়ে যোগাযোগ করা হলেও তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee) সরাসরি কিছু নিশ্চিত করেননি। তবে খবরটিকে তিনি স্রেফ জল্পনা বা ভুল বলেও উড়িয়ে দেননি। তাঁর এই মিশ্র অবস্থান ঘিরেই রাজনৈতিক মহলে জল্পনা আরও বেড়েছে। শুক্রবার বিধানসভায় তাপস চট্টোপাধ্যায়ের উপস্থিতি এবং তাঁর সম্ভাব্য রাজনৈতিক অবস্থান নিয়ে নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। তিনি আদৌ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেবেন নাকি জল্পনার অবসান ঘটাবেন সেই উত্তর মিলবে আজকের দিনের ঘটনাপ্রবাহেই।


