কলকাতা: ক্ষমতা হারানোর পর প্রতিদিনই সৈনিক হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক এক করে তাঁর কয়েক দশকের সঙ্গী অরূপ, অনুব্রত, মদন যোগ দিয়েছেন ‘আসল তৃণমূলে’। রাজ্যসভাতেও হুড়মুড়িয়ে কমছে তাঁদের সাংসদ সংখ্যা। বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিকও। ছাব্বিশের ভোটে পালাবদলের পর তাসের ঘরের মত ভেঙে পড়ছে মমতার তৃণমূল। ই আবহেই আগামী ২১ জুলাই থেকে ‘কালীঘাট তৃণমূল’-এর নতুন পথচলার ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বৃহস্পতিবার ফেসবুক লাইভে দলের বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলে মমতা স্পষ্ট বার্তা দেন, যাঁদের দল ছাড়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সিদ্ধান্ত নিয়ে নেন। তিনি বলেন, “যাদের যাদের যাওয়ার আছে বিজেপির চাপে, পুলিশ, ইডি, সিবিআই, সিআইডি, আইসি, ওসি, এসটিএফ বা মামলার চাপে, তাদের হাতজোড় করে বলব, ২১ জুলাইয়ের আগে যার যা সিদ্ধান্ত নেওয়ার, লোটাকম্বল নিয়ে চলে যান। দয়া করে আমরা যে দল তৈরি করেছি, তাকে কলুষিত করবেন না। আপনি দল ছাড়তেই পারেন, তাতে আমরা দুর্বল হব না।”
একইসঙ্গে তিনি জানান, ২১ জুলাই থেকেই নতুন করে সংগঠন গড়ে তোলার কাজ শুরু হবে। তাঁর (Mamata Banerjee) কথায়, “কে এলেন, কে এলেন না, তাতে কিছু যায় আসে না। যারা থাকবে, তারাই স্বর্ণখনি। নতুন করে পথচলা শুরু করব আমরা।”
শহিদ দিবসের প্রস্তুতি নিয়েও এদিন বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তাঁর দাবি, শহিদ পরিবারের সদস্যদেরও ভয় দেখিয়ে বিরোধী শিবিরে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। যদিও তাঁদের উদ্দেশে তাঁর বার্তা, “যান, তবে আপনাদের হৃদয় আমাদের সঙ্গেই থাকবে, সেটা আমি জানি।”
প্রসঙ্গত, ঋতব্রত শিবিরের সঙ্গে দল, তহবিল, প্রতীক নিয়ে যুযুধান কালীঘাট শিবির। এমনকি মমতার (Mamata Banerjee) ‘মেগা ইভেন্ট’ একুশে জুলাই নিয়েও ছিল চরম অনিশ্চয়তা। অবশেষে হাইকোর্টের নির্দেশে শর্তসাপেক্ষে একুশে জুলাই উদযাপনের অনুমতি পেয়েছে কালীঘাট তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এই নিয়েও বলেছিলেন, ‘প্রয়োজনে রিকশার উপর দাঁড়িয়ে শহীদ দিবস করব’। এবার দলত্যাগীদের নিজেই দরজা খুলে দিলেন মমতা। ২১ জুলাইয়ের কর্মসূচির আগে তৃণমূলের অন্দরে আরও কোনও রাজনৈতিক সমীকরণ বদল হয় কি না, এখন সেদিকেই নজর।


