Aaj India Desk, কলকাতা : ২১ জুলাইয়ের শহিদ দিবসের সমাবেশের আগে তৃণমূল কংগ্রেসে ফের সামনে এলো দলত্যাগের ঘটনা। আজই প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত প্রকাশ্যে তৃণমূল ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এর পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে দল ছেড়ে যাওয়া নেতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি স্পষ্ট করে বলেন, যাঁদের দল ছাড়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর থেকেই দলে ভাঙনের ছবি স্পষ্ট হয়েছে। একাধিক নেতা, প্রাক্তন বিধায়ক, সাংসদ এবং সংগঠনের গুরুত্বপূর্ণ মুখ দল ছেড়ে অন্য শিবিরে যোগ দিয়েছেন। দলের একাংশ ইতিমধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে নাম লিখিয়েছেন। সম্প্রতি প্রাক্তন মন্ত্রী মদন মিত্রও দল পরিবর্তন করেছেন। এই প্রেক্ষিতেই গতকাল একটি ভিডিয়ো বার্তা দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ মণীশ গুপ্তও পদত্যাগ করার পর ফের আরেকটি ভিডিয়ো বার্তা দেন তিনি।
সেই বার্তায় দলত্যাগীদের কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, যাঁদের যাওয়ার ইচ্ছা রয়েছে, তাঁরা যেন ২১ জুলাইয়ের আগেই অন্য শিবিরে যোগ দেন। মমতার বক্তব্য, “যাঁদের যাওয়ার, দয়া করে ২১-এর আগে ওঁদের সঙ্গে নাম লেখান। কিন্তু কোনও দিনই ভাববেন না, দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন। পরিবার বাঁচান, পরিবারকে তো বাঁচানোর দরকার। কারণ আপনাদের পরিবার, সম্পত্তি, লাগেজ, ব্যাগেজ-এই জন্যই তো বিজেপির প্যাকেজ।”
বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, অনেক রাজনৈতিক দল অতীতে নিজেদের নাম ও প্রতীক পরিবর্তন করেছে। কিন্তু কোনও রাজনৈতিক আদর্শ, লক্ষ্য বা কর্মসূচিকে ক্ষমতার জোরে শেষ করা যায় না বলেও দাবি করেন তিনি।
দলীয় ভাঙনের আবহে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তা স্পষ্টভাবে দলীয় কর্মীদের উদ্দেশে দেওয়া হলেও, এর প্রভাব ২১ জুলাইয়ের কর্মসূচি এবং রাজ্যের আগামী রাজনৈতিক সমীকরণে কতটা পড়ে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।


