ভুবনেশ্বর: রথযাত্রায় (Rath Yatra) শ্রীক্ষেত্র পরিণত হল মৃত্যুপুরীতে! রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এ বছরও জনসমুদ্রে পরিণত হয়েছে ওড়িশার শ্রীক্ষেত্র পুরী। কিন্তু প্রভু জগন্নাথের দর্শনের উন্মাদনার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে অন্তত ১২০ জন পুণ্যার্থী আহত হয়েছেন। প্রাথমিক খবর অনুযায়ী, একজনের মৃত্যু হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই জগন্নাথ মন্দির চত্বর ও রথযাত্রার (Rath Yatra) রাস্তায় উপচে পড়া ভিড় ছিল। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময় দর্শনার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রবল গরম এবং অতিরিক্ত ভিড়ের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল ও স্বাস্থ্যকর্মীরা। দ্রুত আহত ও অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ পুণ্যার্থী ভিড়ের চাপে শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং অতিরিক্ত ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে চিকিৎসা চলছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হলেও, বাকিদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, রথযাত্রাকে (Rath Yatra) কেন্দ্র করে আগাম কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল ওড়িশা প্রশাসন। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল হাজার হাজার পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকল কর্মী এবং বিশেষ মেডিক্যাল টিম। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য আগেই নির্দিষ্ট উদ্ধারপথ তৈরি রাখা হয়েছিল।
তবুও বিপুল ভিড়ের চাপে এই দুর্ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে দর্শন করার এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্দির চত্বর জুড়ে পুলিশের লাগাতার মাইকিংও চলছে।


