Aaj India Desk, কলকাতা : ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ রাজ্য কমিটির পর গতকাল জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করতেই তীব্র প্রতিক্রিয়া জানালেন তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সমাজ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও নাম বাদ দিয়ে সংগঠন পরিচালনার সমালোচনা করেন তিনি। পাশাপাশি দীর্ঘদিন মমতার অনুরাগী থাকা বীরভূম নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
শুক্রবার রাজ্য সভাপতি, কার্যকরী সভাপতি-সহ শীর্ষ পদাধিকারীদের নাম ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার একটি বৈঠক আয়োজন করে জেলা কমিটি সদস্যের নাম ঘোষণা করে ঋতব্রত শিবির। শনিবারের সেই বৈঠকে উপস্থিত ছিলেন পানিহাটির নেতা নির্মল ঘোষ। এছাড়াও রঞ্জন সরকার, নারায়ণ গোস্বামী, কোহিনুর মজুমদার, আব্দুল খালেক মোল্লা, জোৎস্না মান্ডি, শান্তনু সেন, আসানসোলের প্রাক্তন মেয়র বিধান উপাধ্যায় এবং ডেপুটি মেয়র ওয়াসিমুল হক-সহ একাধিক নেতা উপস্থিত ছিলেন। সেই বৈঠকেই একঝাঁক মুখপাত্রের নাম ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’। ঘোষণা অনুযায়ী জেলা কমিটিতে জায়গা করে নেন অনুব্রত মণ্ডল, দেবাশিস কুমার, সন্দীপন সাহা, অরুণাভ (রাজা) সেন, সৃষ্টিধর ঘোষ, প্রদীপ সরকার, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ একাধিক দাপুটে নেতা। এই সাংগঠনিক পদক্ষেপ ঘিরেই শুরু হয় নতুন রাজনৈতিক বিতর্ক।
জেলা কমিটি ঘোষণার পরই প্রতিক্রিয়া দেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম সরিয়ে, ছবি বাদ দিয়ে যে বা যারা ‘আসল তৃণমূল’ সাজছেন, তাঁরা এই মহিলাকে এখনও ঘুরিয়ে ব্যবহার না করে নিজেরা পুরো আলাদা দল গড়ে মানুষের ভোটে জিতে এসে বড় বড় কথা বলছেন না কেন?” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “ফেসবুকে দুএকটা পোস্ট দেখছি, এতকাল পর মমতাদির ছবি ছাড়া স্টিকার, কে কী পদ পেলেন। বিবেক, লজ্জা বলে কিছু নেই?”
কুণাল ঘোষের (Kunal Ghosh) প্রকাশ্য সমালোচনার পর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’ শিবিরের তরফে কী প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। একই সঙ্গে নতুন সাংগঠনিক কাঠামো কতটা কার্যকর হয়, সেটিও আগামী দিনে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।


