Aaj India Desk,কলকাতা: খড়্গপুর সফরে এসে একাধিক ইস্যুতে মুখ খুললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেনচক এলাকায় বিজেপির নতুন পার্টি অফিসের উদ্বোধনের পর চা-চক্রে যোগ দেন তিনি।
এদিন রাজ্যের শিক্ষা, শিল্প, পঞ্চায়েত এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একের পর এক মন্তব্য করেন মন্ত্রী।
মাদ্রাসা প্রসঙ্গে দিলীপ ঘোষ ( Dilip Ghosh) জানান, জেলার বিভিন্ন সরকারি অনুদানবিহীন মাদ্রাসায় বিশেষ পর্যবেক্ষক দল পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে কী ধরনের পড়াশোনা হয় এবং সমস্ত কার্যকলাপ নিয়ম মেনে চলছে কিনা, তা খতিয়ে দেখা হবে। তাঁর দাবি, অতীতে বেশ কিছু মাদ্রাসা নিয়ে অভিযোগ জমা পড়েছিল এবং কিছু ক্ষেত্রে বেআইনি কাজকর্মের অভিযোগও উঠে এসেছিল। সেই কারণেই বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করছে সরকার। সবদিক যাচাই-বাছাইয়ের পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
রাজ্যের স্কুল শিক্ষা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মন্ত্রী। তাঁর বক্তব্য, দীর্ঘদিন শিক্ষক সংকট এবং পরিকাঠামোগত সমস্যার কারণে বহু সরকারি স্কুল কার্যত অস্তিত্ব হারানোর মুখে পড়েছে। একাধিক স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে পড়াশোনা চলছে, আবার কোথাও ছাত্রসংখ্যা কমে যাওয়ায় স্কুল বন্ধ হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। দিলীপ ঘোষের মতে, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রথমে বড় আকারে শিক্ষক নিয়োগ জরুরি। পর্যাপ্ত শিক্ষক নিয়োগের পর ধাপে ধাপে শিক্ষা ব্যবস্থাকে আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
শিল্প বিনিয়োগের প্রসঙ্গেও আশাবাদী সুর শোনা যায় তাঁর গলায়। দিলীপের দাবি, রাজ্যে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন দেশের একাধিক বড় শিল্পগোষ্ঠী। শিল্পের অনুকূল পরিবেশ তৈরি করতে সরকার উদ্যোগী এবং ভবিষ্যতে নতুন বিনিয়োগের পথ আরও প্রশস্ত হবে।
এদিকে, আলোচনায় থাকা নির্মল ঘোষ প্রসঙ্গেও প্রশ্নের মুখে পড়েন মন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কারও বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ থাকলে আইন নিজের পথে চলবে এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পঞ্চায়েত স্তরে পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভের কথাও তুলে ধরেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বহু এলাকায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দেখা মিলছে না, যার জেরে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন। ভোট নিয়ে মানুষের প্রত্যাশা পূরণ না হলে ক্ষোভ আরও বাড়বে বলেও সতর্কবার্তা দেন তিনি।


