বনগাঁ: অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) হেনস্থার অভিযোগে গ্রেফতার জ্যোতিষী তনয় শাস্ত্রী। তবে বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধুন্ধুমার বেঁধে যায়। অভিযোগ, ক্লাবের সদস্য তথা এলাকার জনপ্রিয় জ্যোতিষী তনয় চক্রবর্তীর গ্রেফতারিতে বাধা দেয় স্থানীয়রা।
বস্তুত, রবিবার বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘের বাৎসরিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) । অভিযোগ, মিমি মঞ্চে উঠলে তাঁকে নামিয়ে দেওয়া হয়। ক্লাব সদস্য তথা জ্যোতিষী তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি।
তাঁর সেই অভিযোগের ভিত্তিতেই এদিন জ্যোতিষীকে গ্রেফতার করতে গেলে তাঁর বাড়ির সামনে মহিলারা জয়ামেত করে বাধা সৃষ্টি করেন বলে জানা গিয়েছে। তাঁদেরকে সরিয়ে অভিযুক্তের বাড়িতে প্রবেশ করতে পুলিশকে হিমশিম খেতে হয় বলে অভিযোগ। ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে বলেও জানা গিয়েছে।
১ ঘন্টা দেরিতে মঞ্চে উঠেছিলেন মিমি
অন্যদিকে, বনগাঁর নয়াগোপালগঞ্জ যুবক সংঘ ক্লাবের এক কর্মকর্তা জানান, রবিবার রাত ১০ টা নাগাদ মিমির (Mimi Chakraborty) মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু প্রায় ১ ঘন্টা দেরিতে তিনি মঞ্চে ওঠেন অনুষ্ঠান শুরু করতে অত্যধিক দেরি হয়ে যায়। প্রশাসনের অনুমতি সাপেক্ষে রাত ১২ টার মধ্যে আমরা অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হই। ওই কর্মকর্তার দাবী, মিমি চক্রবর্তীকে কোনোরকম হেনস্থা করা হয়নি। সময়ের কথা মাথায় রেখেই অনুষ্ঠান বন্ধের কথা ঘোষণা করতে হয় বলে দাবী ওই কর্মকর্তার।


