স্নেহা পাল, কলকাতা: ময়না বিধানসভা এলাকার বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলা পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্পের টাকা না পাওয়ায় বৃহস্পতিবার রাজ্যের কাছে জবাবদিহি চাইল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।
মামলাকারীদের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) ময়নার বাগচা গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ রয়েছে। এর ফলে প্রায় সাত হাজার মহিলা নিয়মিত মাসিক ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। উল্লেখ্য, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে তফসিলি জাতি ও জনজাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে ১২০০ টাকা এবং অন্যান্য মহিলাদের ১০০০ টাকা করে দেওয়ার কথা।
মামলাকারীদের আইনজীবী বিল্বদল ভট্টাচার্যের দাবি, জেলাশাসকের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয় কিন্তু শুধুমাত্র বিজেপি পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতেই সমস্যা দেখা দেয়। তাঁর অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই মহিলাদের প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
অন্যদিকে, রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট এলাকা নিয়ে নারী, শিশু ও সমাজকল্যাণ দফতরে একাধিক অভিযোগ জমা পড়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে।
জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারকে আগামী দু’সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল (Chief Justice Sujay Pal) ও বিচারপতি পার্থসারথি সেনের (Justice Partha Sarathi Sen) ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৭ ফেব্রুয়ারি। এখন আদালতের পরবর্তী শুনানিতে লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar) প্রকল্পে বঞ্চিত মহিলাদের বিষয়ে কী নির্দেশ দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে।


