32.1 C
Kolkata
Tuesday, July 7, 2026
spot_img

‘ডিম থেরাপি’ এবার বাম শিবিরেও? পুলিশের ভূমিকা নিয়ে সরব মীনাক্ষী

Aaj India Desk, কোচবিহার: রাজ্যে বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখন এবার কোচবিহারের শীতলখুচিতে একই ঘটনার মুখে পড়লেন সিপিআইএম (CPIM) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মঙ্গলবার সকালে শীতলখুচি থানার সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

হামলার পর গাড়ি থেকেই একটি ভিডিও বার্তা রেকর্ড করেন মীনাক্ষী। তিনি পুলিশের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে প্রশ্ন তোলেন, যদি রাস্তায় চলাফেরাই নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে? তাঁর দাবি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।

জানা গিয়েছে, এদিন সিপিআইএম কর্মী মন্টু মিঞার পরিবারের সঙ্গে দেখা করতে শীতলখুচিতে গিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। কয়েক দিন আগে ওই এলাকার বাসিন্দা মন্টু মিঞার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত খুন। তাঁদের সঙ্গে দেখা করে ফেরার সময়ই এই হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। মীনাক্ষীর সঙ্গে ছিলেন সিপিআইএমের কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় এবং স্থানীয় নেতা অলোকেশ দাস।

সিপিআইএমের অভিযোগ, শীতলখুচি থানার সামনেই এই হামলা হয়েছে এবং এর পিছনে বিজেপি সমর্থকদের হাত রয়েছে। যদিও এই অভিযোগ নিয়ে এখনও বিজেপির পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ সামনে এসেছে। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম নিক্ষেপের ঘটনার পর এমন একাধিক ঘটনার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে পরে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

আইনজীবী দানিস ফারুক আদালতে জানান, নির্বাচনের ফল ঘোষণার পর বিরোধী দলের নেতা-কর্মীদের উপর হামলা এবং রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের একাধিক অভিযোগ সামনে এসেছে। তাঁর দাবি, এসব ঘটনা গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগের এবং ডিম ছোড়ার মতো ঘটনাও সেই তালিকায় রয়েছে।

প্রসঙ্গত, এর আগেও এই ধরনের হামলার বিরুদ্ধে সরব হয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, প্রকাশ্যে ডিম ছোড়ার মতো ঘটনা ঘটলেও পুলিশ অনেক ক্ষেত্রেই কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। বরং রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে সিপিআইএম কর্মীদের বিরুদ্ধেই মামলা করা হচ্ছে। তিনি প্রশ্ন তুলেছিলেন, ডিম ছুড়ে হামলা করার অধিকার কে বা কোন আইন দিয়েছে? শীতলখুচির এই নতুন ঘটনাকে ঘিরে সেই বিতর্ক আবারও সামনে এল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন