Aaj India Desk,কলকাতা: নিউ টাউনে আদানি (Adani Group) গোষ্ঠীর বড় স্বাস্থ্য প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল। বেঙ্গল সিলিকন ভ্যালি টেক হাবে (Bengal Silicon Valley Tech Hub) তৈরি হতে চলেছে অত্যাধুনিক হাসপাতাল ও মেডিক্যাল ইউনিভার্সিটি ‘আদানি-আরোগ্য মন্দির’।
এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। এবার দ্রুত শিলান্যাসের দিন ঠিক করার জন্য আদানি পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর করণ আদানি (Karan Adani) কে চিঠি পাঠিয়েছে হিডকো।
হিডকোর ২৬ জুন ২০২৬-এর চিঠিতে জানানো হয়েছে, প্রকল্পের জন্য জমি পুরোপুরি প্রস্তুত। তাই আর দেরি না করে প্রাথমিক কাজ শুরু এবং শিলান্যাসের দিন চূড়ান্ত করার অনুরোধ করা হয়েছে।
জানা গিয়েছে, নিউ টাউনের বেঙ্গল সিলিকন ভ্যালির ৫১.৭৫ একর জমির উপর এই প্রকল্প তৈরি হবে। জমিটি ৯৯ বছরের লিজে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছে।
প্রথমে এই জমিতে একটি বড় ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা ছিল। কিন্তু পরে আদানি গোষ্ঠী সরকারের কাছে আবেদন জানায়, সেখানে হাসপাতাল ও মেডিক্যাল ইউনিভার্সিটি গড়ে তোলার অনুমতি দেওয়া হোক। সেই আবেদন মঞ্জুর করেছে রাজ্য সরকার।
এই প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল হাসপাতালের ১,০০০টি বেডের মধ্যে ৫০০টি বেড সাধারণ মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে রাখা হবে। এই বেডগুলি পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে সাধারণ মানুষের চিকিৎসার জন্য ব্যবহার করা হবে।
এছাড়া, প্রকল্প শুরু করার আগে আদানি গোষ্ঠীকে পরিকল্পনা জমা দিতে হবে এবং সমস্ত সরকারি নিয়ম মেনে কাজ করতে হবে। সরকারের আশা, দ্রুত শিলান্যাসের পর কাজ শুরু হলে নিউ টাউনে তৈরি হবে দেশের অন্যতম আধুনিক স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র। অনেকের মতে, এই প্রকল্প চালু হলে কলকাতা ও আশপাশের এলাকার চিকিৎসা পরিষেবায় বড় পরিবর্তন আসবে এবং হাজার হাজার মানুষ উন্নত চিকিৎসার সুযোগ পাবেন।


