Aaj lndia Desk,কলকাতা: নদিয়ার করিমপুর ২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাজেদুল হক শাহ হরফে মিঠু শাহ -এর ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ৮ জন অভিযুক্তকে চিহ্নিত করার দাবি তুলে পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দুটি অভিযোগপত্রের ছবি প্রকাশ করে মহুয়া জানান, অভিযুক্তদের পরিচয় স্পষ্ট হওয়ার পরও যদি পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন তাঁরা।
ঘটনাটি ঘটে গত ২৪ জুন দুপুরে করিমপুর ২ নম্বর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) অফিসের ভেতরে। অভিযোগ, একদল দুষ্কৃতী পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সাজেদুল হক শাহের ওপর হামলা চালায়। তাঁকে মারধরের পাশাপাশি খুনের উদ্দেশ্যে গুরুতর আঘাত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার দু’দিন পর, ২৬ জুন করিমপুর থানায় দ্বিতীয় অভিযোগপত্র জমা দেন আক্রান্ত নেতা। সেখানে বিডিও অফিসের সিসিটিভি ফুটেজ দেখে ৮ জনকে শনাক্ত করার দাবি করা হয়েছে। অভিযোগপত্রে সৌরভ বিশ্বাস, রঞ্জিত দত্ত, পিন্টু প্রামাণিক, সুমিত মণ্ডল, আকরাম মণ্ডল, নিশীথ ঘোষ, পিনাকী সাহা এবং নবারুণ সাহার নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়াও ঘটনায় আরও কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির জড়িত থাকার অভিযোগ রয়েছে।অভিযোগপত্রে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে থাকা সিসিটিভি ফুটেজ নষ্ট বা বিকৃত করার চেষ্টা হতে পারে। তাই অবিলম্বে সেই ফুটেজ পুলিশের হেফাজতে নিয়ে সংরক্ষণের আবেদন জানানো হয়েছে।
মহুয়া মৈত্রের দাবি, সরকারি দফতরের ভিতরে এই ধরনের হামলা অত্যন্ত গুরুতর ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। অন্যথায় ন্যায়বিচারের স্বার্থে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পথেই হাঁটবে আক্রান্ত পক্ষ


