কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। কিন্তু গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মত পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালু করতে চাইছে বিজেপি। নির্বাচনী ইস্তেহারেই এই কথা জানিয়েছিল বিজেপি নেতৃত্ব। আগামী সোমবার বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করতে পারেন শুভেন্দু অধিকারী। তবে তার আগে প্রস্তাবিত এই বিল নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে।
বিরোধীদের কটাক্ষের আবহেই এই প্রস্তাবিত বিল নিয়ে খোলসা করলেন বঙ্গ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। তিনি অভয় দিয়ে বলেন, “অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও কারণ নেই”। তাঁর মতে, বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণ-সহ নাগরিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ধর্মভিত্তিক পৃথক ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন নাগরিক কাঠামো দেশের সাংবিধানিক সমতা, ন্যায়বিচার এবং জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করবে।
শমীক ভট্টাচার্য বলেন, ইউসিসি কার্যকর হলে সকল নাগরিকের ক্ষেত্রে একই ধরনের নাগরিক আইন প্রযোজ্য হবে। পাশাপাশি, যেখানে ব্যক্তিগত আইনে বহুবিবাহের সুযোগ রয়েছে, সেই ধরনের বৈষম্য দূর করার ক্ষেত্রেও এই আইন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে তাঁর (Shamik Bhattacharya) দাবি।
তবে ইউসিসি (UCC) নিয়ে একটি প্রচলিত বিতর্কেরও জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি স্পষ্ট করে বলেন, সন্তানসংখ্যা নিয়ন্ত্রণ বা নির্ধারণ করা অভিন্ন দেওয়ানি বিধির উদ্দেশ্য নয় এবং এই আইনের কোনও বিধানেও সেই বিষয়টি নেই। অনুচ্ছেদ ৩৪২ অনুযায়ী স্বীকৃত তফসিলি জনজাতির সদস্যরা এই আইনের আওতার বাইরে থাকবেন। তাঁদের সংবিধান স্বীকৃত প্রথা, রীতি ও বিশেষ অধিকার সংরক্ষিত থাকবে।’ তাঁর বক্তব্য, ইউসিসির (UCC) মূল লক্ষ্য হল সকল নাগরিকের জন্য সমান নাগরিক অধিকার ও দায়িত্বের আইনি কাঠামো তৈরি করা। এখন দেখার বিধানসভায় যেদিন বিলটি পেশ হবে, বিরোধীরা কি করে।


