32.4 C
Kolkata
Friday, June 26, 2026
spot_img

“দ্বিতীয়বার যেন আসতে না হয়”— সরাসরি পুলিশকে হুমকি রাজ্যের পর্যটনমন্ত্রীর!

Aaj India Desk, দার্জিলিং : শিলিগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় তোলাবাজি, জমি ও বালি মাফিয়াদের দৌরাত্ম্য এবং পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পেয়ে সরাসরি আশিঘর পুলিশ ফাঁড়িতে পৌঁছে কড়া বার্তা দিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। পুলিশের উদ্দেশে তাঁর স্পষ্ট নির্দেশ, সাধারণ মানুষের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাঁকে যেন দ্বিতীয়বার এই ফাঁড়িতে আসতে না হয়।

এলাকা পরিদর্শনে উঠে এল অভিযোগ

বিধানসভার বাজেট অধিবেশন শেষ করে সম্প্রতি শিলিগুড়িতে ফিরেছেন পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। শুক্রবার বর্ষার মধ্যে ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অংশ পরিদর্শনে যান তিনি। জল জমার সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এই সময়ই এলাকাবাসীর একাংশ তাঁর কাছে তোলাবাজি, জমি মাফিয়া, বালি মাফিয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ জানান। বারবার পুলিশে লিখিত অভিযোগ করলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও জানান তারা।

পুলিশ ফাঁড়িতে পৌঁছে কড়া বার্তা

অভিযোগ শোনার পর আশিঘর পুলিশ ফাঁড়িতে যান মন্ত্রী। ভক্তিনগর থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ডেকে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। শঙ্কর ঘোষ (Shankar Ghosh) বলেন, “এলাকার সাধারণ মানুষের যত নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ রয়েছে, তার দ্রুত নিষ্পত্তি হওয়া দরকার। আমাকে যেন দ্বিতীয়বার এই ফাঁড়িতে আসতে না হয়। আসতে হলে কী পরিস্থিতি হবে, তা আমিও জানি না।”

পুলিশের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, অতীতের মতো প্রশাসনিক মানসিকতা নিয়ে কাজ করলে তা আর গ্রহণযোগ্য হবে না। তাঁর দাবি, বর্তমান সরকারের নীতি দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’। সেই নীতি মেনেই আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

আশিঘর পুলিশ ফাঁড়িতে মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন এবং কড়া বার্তার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ কী পদক্ষেপ করে, সেদিকেই এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন