31.5 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

বাংলায় এবার UCC? বিধানসভায় ঐতিহাসিক বিল আনছে শুভেন্দু-সরকার!

কলকাতা: গুজরাট, উত্তরাখণ্ড এবং অসমের মত অভিন্ন দেওয়ানি বিধি (UCC) চালুর তালিকায় যুক্ত হতে চলেছে পশ্চিমবঙ্গ! নির্বাচনী ইস্তেহারেই রাজ্যে ইউসিসি কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকেই এগোচ্ছে নবান্ন। সূত্রের খবর, আগামী সোমবার বিধানসভায় ইউসিসি (UCC) সংক্রান্ত বিল পেশ করতে পারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।

বিজেপির দীর্ঘদিনের দাবি, ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন নয়, বিয়ে, বিবাহবিচ্ছেদ, দত্তক গ্রহণ, ভরণপোষণ ও উত্তরাধিকারের মতো বিষয়ে দেশের সমস্ত নাগরিকের জন্য একই আইন থাকা উচিত। কেন্দ্রীয় সরকারও একাধিকবার জানিয়েছে, সংবিধানের মূল ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে ‘এক দেশ, এক আইন’ নীতিকেই তারা সমর্থন করে। রাজ্য সরকারের দাবি, আইনের চোখে সকল নাগরিক সমান হওয়াই গণতন্ত্রের মূল ভিত্তি। সেই কারণেই ব্যক্তিগত আইনগুলির পরিবর্তে একটি অভিন্ন আইনি কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।

তবে ইউসিসি (UCC) ইস্যু ঘিরে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে। বিরোধী দলগুলির একাংশের অভিযোগ, এই পদক্ষেপ সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিগত অধিকার ও ধর্মীয় প্রথার উপর প্রভাব ফেলতে পারে। যদিও বিজেপির দাবি, ইউসিসি (UCC) কোনও ধর্মের বিরুদ্ধে নয়, বরং নারী-পুরুষ নির্বিশেষে সকল নাগরিকের জন্য সমান অধিকার নিশ্চিত করার উদ্যোগ। সোমবার বিধানসভায় বিল পেশ হলে তা নিয়ে তুমুল বিতর্ক ও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে ইউসিসি কার্যকর করার পথে সরকার কতটা এগোতে পারে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন