34.1 C
Kolkata
Thursday, June 25, 2026
spot_img

পুরভোটের আগেই নতুন মুখ! রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্বে কৃষ্ণ গুপ্ত!

Aaj India Desk, কলকাতা : সামনেই পশ্চিমবঙ্গের পুরভোট। তার আগেই সুষ্ঠুভাবে ভোট পরিচালনার জন্য পরবর্তী রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) হিসেবে নিয়োগ করা হলো প্রবীণ আইএএস আধিকারিক ড. কৃষ্ণ গুপ্তকে (Krishna Gupta)। রাজ্যের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে তিনি সমবায় দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে কর্মরত রয়েছেন। আগামী ৩০ জুন অবসর গ্রহণের পর তিনি সাংবিধানিক এই দায়িত্বে যোগ দেবেন।

সাংবিধানিক বিধান মেনেই নিয়োগ

২৩ জুন জারি হওয়া সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সংবিধানের ২৪৩কে(১) অনুচ্ছেদ এবং পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন আইন, ১৯৯৪-এর সংশ্লিষ্ট ধারার অধীনে এই নিয়োগ করা হয়েছে। রাজ্যপালের অনুমোদনের ভিত্তিতে নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করা হয়েছে।

সরকারি আদেশে স্বাক্ষর করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ড. কৃষ্ণ গুপ্ত (Krishna Gupta) ৩০ জুন আইএএস পদ থেকে অবসর নেওয়ার পরই রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন।

গুরুত্বপূর্ণ দায়িত্বে নতুন কমিশনার

রাজ্য নির্বাচন কমিশনের মাধ্যমে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্ব এবার সামলাবেন ড. কৃষ্ণ গুপ্ত (Krishna Gupta)।

উল্লেখ্য, প্রশাসনিক জীবনে তিন দশকেরও বেশি অভিজ্ঞতার অধিকারী ড. কৃষ্ণ গুপ্ত পশ্চিমবঙ্গ ক্যাডারের ১৯৯১ ব্যাচের আইএএস আধিকারিক। প্রায় ৩৫ বছরের কর্মজীবনে তিনি জেলা প্রশাসন থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, সমবায় ও সেচ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব সামলেছেন। নদিয়া ও দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক, পশ্চিমবঙ্গ হাউসের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার, ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর-সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। এছাড়াও জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থায় (WTO) কাউন্সেলর হিসেবে আন্তর্জাতিক স্তরেও দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রশাসন ও নীতি নির্ধারণের ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি জননীতি বিষয়ে পিএইচডিধারী ড. গুপ্তকে রাজ্যের অন্যতম অভিজ্ঞ আমলাদের মধ্যে গণ্য করা হয়। সেই অভিজ্ঞতার উপর নির্ভর করেই এবার তাঁকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন