Aaj India Desk,কলকাতা: রাজ্যজুড়ে ফের খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে ইতিমধ্যেই জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যেই আজ থেকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, উইকেন্ডে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং কোনও কোনও এলাকায় লাল সতর্কতাও জারি করা হতে পারে।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপর দিয়ে বিস্তৃত রয়েছে। এর প্রভাবেই রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। অতি ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে।
পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়া, নদীর জলস্তর বিপদসীমার উপরে ওঠা এবং যোগাযোগ ব্যবস্থায় বিঘ্ন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও আগামী সোমবার পর্যন্ত বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি রয়েছে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকছে।
এদিকে আজ থেকে বঙ্গোপসাগরও উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস। সেই কারণে উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতাতেও আগামী কয়েক দিন আংশিক মেঘলা আকাশের পাশাপাশি বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শনিবার ও রবিবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।


