Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বারুইপুরে বাস পরিষেবার (Baruipur Bus Service) ক্রমাগত অবনতিতে বাড়ছে উদ্বেগ। ২০১৯ সালে ফুলতলায় আধুনিক বাস টার্মিনাস নির্মাণ হলেও গত এক দশকে ১৫টিরও বেশি সরকারি ও বেসরকারি বাসরুট বন্ধ হয়ে গিয়েছে। ফলে কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যার মুখে পড়ছেন সাধারণ যাত্রীরা।
একের পর এক রুট বন্ধ
পরিবহণ সংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ১০ বছরে বারুইপুর থেকে চালু থাকা একাধিক গুরুত্বপূর্ণ সরকারি বাসরুট (Baruipur Bus Service) বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে রয়েছে C48 (বারুইপুর-ইকোস্পেস-বারাসত), S15G (বারুইপুর-দক্ষিণেশ্বর), S55 (বারুইপুর-ঠাকুরপুকুর), C46 (বারুইপুর-নবান্ন, বেহালা হয়ে), C49 (বারুইপুর-নবান্ন, গড়িয়া হয়ে) এবং বারুইপুর-নৈনান রুট।
একইভাবে বন্ধ হয়েছে একাধিক বেসরকারি বাস পরিষেবাও। তালিকায় রয়েছে 218/1 (বারুইপুর-সাঁতরাগাছি), বারুইপুর-গড়ভবানীপুর, M11 (বারুইপুর-ডায়মন্ড হারবার), M13 (বারুইপুর-ক্যানিং), SD39 (বারুইপুর-কিশোরিমোহন), SD65 (বারুইপুর-রায়দিঘি), SD67 (বারুইপুর-কৈখালি) এবং SD68 (বারুইপুর-ঘটকপুকুর)।
চলছে নামমাত্র পরিষেবা
যে কয়েকটি রুট এখনও কাগজে-কলমে চালু রয়েছে, সেগুলির অনেক ক্ষেত্রেই দৈনিক পরিষেবা অত্যন্ত সীমিত। D37 (বারুইপুর-VIP রোড-বারাসত), C26 (বারুইপুর-হাওড়া), ST34 (বারুইপুর-হাওড়া), AC14 (বারুইপুর-করুণাময়ী) এবং ST12 (বারুইপুর-নিউটাউন) রুটে দিনে দুই বা তারও কম ট্রিপ পরিচালিত হচ্ছে বলে জানা যাচ্ছে। ফলে নিয়মিত যাত্রীদের বড় অংশকে বিকল্প পরিবহণের উপর নির্ভর করতে হচ্ছে।
দূরপাল্লার উদ্যোগও টেকেনি
সম্প্রতি বারুইপুর থেকে শিলিগুড়ি ও তারাপীঠগামী AC Volvo পরিষেবা চালুর ঘোষণা করা হয়েছিল। কিন্তু স্থানীয় স্তরে বুকিং কাউন্টারের অভাব এবং অনলাইন বুকিং প্ল্যাটফর্মে বারুইপুরকে কার্যকর বোর্ডিং পয়েন্ট হিসেবে না দেখানোর কারণে প্রত্যাশিত সাড়া মেলেনি। পরবর্তীতে যাত্রীসংখ্যা কম থাকায় পরিষেবা দুটিও বন্ধ হয়ে যায় বলে জানা যায়।
বর্তমানে কলকাতামুখী যাত্রীদের বড় অংশ নির্ভর করছেন ২১৮ এবং বারুইপুর-বারাসত বেসরকারি বাসরুটের উপর। দ্রুত জনসংখ্যা বৃদ্ধি এবং প্রশাসনিক গুরুত্ব বাড়লেও সেই অনুপাতে গণপরিবহণের সম্প্রসারণ ঘটেনি বলে মনে করছেন অনেক বাসিন্দা।
ফুলতলার আধুনিক বাস টার্মিনাস চালু হওয়ার সাত বছর পরেও কেন বারুইপুরে পর্যাপ্ত বাস পরিষেবা (Baruipur Bus Service) গড়ে ওঠেনি, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। পরিবহণ অবকাঠামো থাকা সত্ত্বেও রুট পুনরুজ্জীবন, নতুন পরিষেবা চালু করা এবং যাত্রী আকর্ষণের ক্ষেত্রে কার্যকর উদ্যোগের অভাব রয়েছে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্রমবর্ধমান নগর কেন্দ্র হিসেবে বারুইপুরের পরিবহণ ব্যবস্থা আগামী দিনে কোন পথে এগোবে, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।


