Aaj India Desk, কলকাতা: রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সিপিআইএম (CPIM)-এর অবস্থান নিয়ে। কারণ, এতদিন অনুপ্রবেশের ইস্যুতে ‘পুশ ব্যাক’ (Push Back) বা অবৈধভাবে সীমান্ত পার হওয়া ব্যক্তিদের ফেরত পাঠানোর নীতির বিরোধিতা করেই এসেছে আলিমুদ্দিন। কিন্তু এবার বিধানসভায় দলের একমাত্র বিধায়ক মোস্তাফিজুর রহমানের (Mostafijur Rahaman) বক্তব্য সেই পুরনো অবস্থানের সঙ্গে মিলছে না বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে ডোমকলের সিপিআইএম বিধায়ক বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হলে তাঁর আপত্তি নেই। তবে তিনি স্পষ্ট করে জানান, এই প্রক্রিয়ায় যেন ভুল করে একজনও বৈধ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে না দেওয়া হয়, সেটাই সরকারকে নিশ্চিত করতে হবে।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি সোনালি বিবির ঘটনার কথা তুলে ধরেন। তাঁর দাবি, শুধুমাত্র বাংলায় কথা বলার কারণে বৈধ ভারতীয় নাগরিক হয়েও গর্ভবতী সোনালি বিবিকে তাঁর আট বছরের সন্তানসহ বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ এবং মানবিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তাঁদের ভারতে ফিরিয়ে আনা হয়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সেই বিষয়েই সতর্ক থাকার কথা বলেন তিনি।
শুধু এই ইস্যুই নয়, এদিন নিজের বিধানসভা কেন্দ্র ডোমকলে একটি নতুন আইটিআই কলেজ গড়ার দাবিও জানান মোস্তাফিজুর রহমান। পাশাপাশি, মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও তাঁর সাক্ষাৎ হয়েছে বলে জানা গেছে। একদিকে পুশ ব্যাক ইস্যুতে দলের দীর্ঘদিনের অবস্থান থেকে কিছুটা ভিন্ন সুর, অন্যদিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক- এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয়েছে। এখন দেখার, দলের একমাত্র বিধায়কের এই মন্তব্য নিয়ে সিপিআইএম নেতৃত্ব কী অবস্থান নেয়।


